চট্টগ্রামে জামিন পেলেন বিএনপির দুই নেতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দ্রুত বিচার আইনে করা একটি মামলায় বিএনপির দুই নেতা গতকাল সোমবার জামিন পেয়েছেন। গতকাল সোমবার চট্টগ্রাম মহানগর হাকিম আলী মনসুর তাঁদের জামিন আবেদন মঞ্জুর করেন। জামিন পাওয়া বিএনপির দুই নেতা হলেন রাঙ্গুনিয়া উপজেলা চেয়ারম্যান ও উত্তর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু আহমেদ হাসনাত এবং রাঙ্গুনিয়ার মরিয়ম নগর ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সহসভাপতি মোহাম্মদ হোসেন। তাঁরা দুজন মানবতাবিরোধী অপরাধে গ্রেপ্তার হওয়া বিএনপির নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত। উল্লেখ্য, একই আদালতে ১৭ জুন জামিনের আবেদন করেছিলেন বিএনপির এই দুই নেতা। সেদিন আদালত তাঁদের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছিলেন। উল্লেখ্য, গত ১৩ মে নগরের নাসিমন ভবনে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে বিএনপি-জামায়াত নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এ ঘটনায় বিএনপি-জামায়াতের শীর্ষস্থানীয় নেতাসহ মোট আড়াই হাজার ব্যক্তিকে আসামি করে নগরের কোতোয়ালি ও খুলশী থানায় মোট ছয়টি মামলা হয়। এর মধ্যে গতকাল সোমবার জামিন পাওয়া দুজন কোতোয়ালি থানায় হওয়া দ্রুত বিচার আইনের একটি মামলার আসামি।