চট্টগ্রামে জামিনে ছাড়া পেলেন হুজি সদস্য
জামিনে ছাড়া পেয়েছেন হরকাতুল জিহাদ আল ইসলামী বাংলাদেশের (হুজি-বি) সদস্য মাহফুজুর রহমান। গতকাল শুক্রবার বিকেলে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে তিনি জামিনে মুক্তি পান।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের উপকারাধ্যক্ষ মো. জাহেদুল আলম প্রথম আলোকে বলেন, রাউজান থানার সন্ত্রাস দমন ও বিস্ফোরক আইনের দুই মামলায় হুজি সদস্য মাহফুজুর রহমানের জামিননামা গত বৃহস্পতিবার সন্ধ্যায় কারাগারে আসে। জামিননামা যাচাই-বাছাই করে গতকাল বিকেলে তাঁকে মুক্তি দেওয়া হয়।
আদালত সূত্র জানায়, ২০১০ সালের ১৩ ডিসেম্বর চট্টগ্রামের রাউজান উপজেলার গোদারপাড় এলাকায় পাহাড়ে অভিযান চালিয়ে মাহফুজুর রহমানসহ ছয়জনকে আটক করা হয়। এ সময় উসকানিমূলক বই, গন্ধক, বারুদ, তারসহ বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করে র্যা ব। এ ঘটনায় র্যা ব-৭-এর তৎকালীন উপসহকারী পরিচালক আইয়ুব আলী বাদী হয়ে রাউজান থানায় দুটি মামলা করেন। তদন্ত শেষে র্যা ব দুই মামলায় আদালতে অভিযোগপত্র দেয়। বর্তমানে মামলা দুটির সাক্ষ্য গ্রহণ চলছে চট্টগ্রামের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে।