চট্টগ্রামে জাল রেভিনিউ স্ট্যাম্পসহ গ্রেপ্তার ৪
নগরের ডবলমুরিং থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জাল রেভিনিউ স্ট্যাম্পসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। গত সোমবার ও গতকাল মঙ্গলবার গোয়েন্দা পুলিশের অভিযানে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের কাছ থেকে প্রায় ১৭ লাখ টাকা মূল্যের জাল স্ট্যাম্প উদ্ধার করা হয়।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ফিরোজ (৩৫), দ্বীন ইসলাম (৩৫), কাঞ্চন বিশ্বাস ওরফে সুমন (৩০) ও মমিনুল হক (৩৩)। উদ্ধার করা হয় পাঁচ টাকা মূল্যের ১৭ হাজার ৪২০টি, ৫০ টাকা মূল্যের দুই হাজার ২৬০টি, ১০০ টাকা মূল্যের চার হাজার ৬০০টি, ২০০ টাকা মূল্যের চার হাজার ৮০০টি স্ট্যাম্প। পাশাপাশি পাঁচ টাকা মূল্যের এক হাজার ১২৮টি কোর্ট ফিও পাওয়া যায়।গতকাল মঙ্গলবার বিকেলে আয়োজিত সংবাদ সম্মেলনে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) তারেক আহম্মেদ বলেন, ‘দীর্ঘদিন ধরে চক্রটি জাল স্ট্যাম্প বিক্রির সঙ্গে জড়িত। ঢাকা থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এসব স্ট্যাম্প আনা হয়। চট্টগ্রাম আদালত ভবন এলাকায় জমির ক্রেতা-বিক্রেতা এবং কয়েকটি পোশাক কারখানায় তাঁরা এসব স্ট্যাম্প বিক্রি করতেন। পোশাক কারখানার শ্রমিকদের বেতন প্রদানের দলিলে এসব স্ট্যাম্প ব্যবহার করা হয়।’