চট্টগ্রামে জালিয়াত চক্রের দুই সদস্য গ্রেপ্তার
চট্টগ্রামে ড্রাইভিং লাইসেন্স জালিয়াত চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গত মঙ্গলবার রাতে নগরের কাজীর দেউড়ি এলাকা থেকে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শাহ আলম ও এম এম রকিবুল আলম। তাঁদের কাছ থেকে ২১টি জাল লাইসেন্স উদ্ধার করা হয়েছে।
নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার মো. বাবুল আক্তার প্রথম আলোকে জানান, জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করেছেন যে চক্রের আরেক সদস্য মুছা চীনা নাগরিক। তিনি বাংলাদেশের একটি বিশ্ববিদ্যালয়ে লেখাপড়ার সুবাধে ভালো বাংলা জানেন। তিনি বাংলাদেশি মেয়ে বিয়ে করে এ দেশে বসবাস করছেন। বাংলাদেশে ইপিজেডসহ বিভিন্ন পোশাক কারখানায় অনেক চীনা নাগরিক বসবাস করেন। মুছা বাংলাদেশে বসবাসরত চীনা নাগরিকদের স্বল্প খরচে ড্রাইভিং লাইসেন্স তৈরি করে দেওয়ার কাজ করেন। প্রতিটি জাল লাইসেন্সের জন্য এক হাজার ২০০ টাকা করে নেওয়া হয়। আসামিদের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।