চট্টগ্রামে জাসদ প্রার্থীর ইশতেহার প্রকাশ
মেয়র নির্বাচিত হলে মেট্রোপলিটন সরকার গঠন, জলাবদ্ধতা দূরসহ নয় দফা অঙ্গীকার বাস্তবায়ন করবেন চট্টগ্রামে জাসদ-সমর্থিত প্রার্থী মো. শফিউল আলম। গতকাল মঙ্গলবার চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে প্রার্থীর পক্ষে ইশতেহার ঘোষণা করেন দলের সভাপতি আ স ম আবদুর রব।
আ স ম আবদুর রব বলেন, সব প্রার্থীর নির্বাচনী প্রচারাভিযান ও বক্তব্য গণমাধ্যমে সমানভাবে প্রচার হচ্ছে না। সরকারি দল ও একটি বিশেষ রাজনৈতিক দলের প্রার্থীই বেশি প্রচার পাচ্ছে। ফলে জনগণের পক্ষে সঠিক কর্মসূচিভিত্তিক যোগ্য প্রার্থী বাছাই করা কঠিন হয়ে পড়ছে।
আ স ম আবদুর রব বলেন, তিন সিটি নির্বাচনেই জাসদ প্রার্থী দিতে পেরেছে। তাঁরা নির্বাচিত হলে মেট্রোপলিটন সরকার গঠন করা হবে। সংবিধানে এটি নেই, এর জন্য প্রয়োজনে সংবিধান সংশোধন করাতে হবে। তিনি গত সোমবার বিএনপির চেয়ারপারসনের গাড়িবহরে হামলারও নিন্দা জানান।
নির্বাচিত হলে নগরের যানজট দূর করা, পানি-বিদ্যুৎ-গ্যাসের সুবিধা নিশ্চিত করা, বস্তিবাসীদের পুনর্বাসন, কমিউনিটি পুলিশকে শক্তিশালী করা, আবর্জনামুক্ত সবুজ নগর গড়ে তোলারও প্রতিশ্রুতি দেন মেয়র প্রার্থী শফিউল আলম। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মেয়র প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির প্রধান আবদুল মান্নান মাস্টার, জাসদ চট্টগ্রামের সভাপতি রবিউল আলম, নাগরিক ঐক্যর সভাপতি সোহরাব হোসেন প্রমুখ।