চট্টগ্রামে জাহাজ থেকে পড়ে শ্রমিক নিখোঁজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) জাহাজ এমটি বাংলার সৌরভে কাজ করার সময় কর্ণফুলী নদীতে পড়ে এক শ্রমিক নিখোঁজ হয়েছেন। গতকাল শুক্রবার সকালে এ ঘটনা ঘটে। জাহাজটি ডলফিন জেটিতে নোঙর করা ছিল। নিখোঁজ শ্রমিকের নাম জানা যায়নি।বিএসসি সূত্র জানায়, এমটি বাংলার সৌরভ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে অবস্থানরত তেলবাহী বড় জাহাজ (মাদার ভ্যাসেল) এমটি স্করপিয়া থেকে অপরিশোধিত জ্বালানি তেল পরিবহন করছিল। একবার তেল খালাস করে গতকাল দুপুরে বহির্নোঙরে যাওয়ার আগে এমটি বাংলার সৌরভে দৈনিকভিত্তিক শ্রমিক দিয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করা হচ্ছিল। একপর্যায়ে জাহাজের প্রপেলার পরিষ্কার করতে এক শ্রমিক পানিতে নামার পর তাঁর আর কোনো খোঁজ পাওয়া যায়নি। স্রোতের টানে ওই শ্রমিক পানিতে হারিয়ে গেছেন বলে আশঙ্কা করা হচ্ছে।যোগাযোগ করা হলে বিএসসির মহাব্যবস্থাপক (জাহাজ মেরামত) মোহাম্মদ ইউসুফ প্রথম আলোকে বলেন, ‘এক শ্রমিক নিখোঁজ হওয়ার খবর শুনে আমরা ঘটনাস্থলে যাই। পরে নদীতে ডুবুরি নামিয়ে তল্লাশি অভিযান চালানো হয়। তবে তাঁকে খুঁজে পাওয়া যায়নি।’জানা গেছে, বহির্নোঙরে অবস্থানরত জাহাজ থেকে তেল খালাস করতে এমটি বাংলার সৌরভ গতকাল দুপুরে বহির্নোঙরে চলে গেছে।