চট্টগ্রামে জাহাজ ভাঙার চার ইয়ার্ডের বিরুদ্ধে পরিবেশ আইনে মামলা
পরিবেশ সংরক্ষণ আইনের ৪(২) ধারা লঙ্ঘনের অভিযোগে চট্টগ্রামের চারটি জাহাজ ভাঙা ইয়ার্ডের বিরুদ্ধে সীতাকুণ্ড থানায় গতকাল বুধবার পৃথক মামলা করেছে চট্টগ্রামের পরিবেশ অধিদপ্তর। পরিবেশ আইনে করা এসব মামলার অভিযোগ প্রমাণিত হলে ইয়ার্ড মালিকের ১০ বছরের সশ্রম কারাদণ্ড অথবা ১০ লাখ টাকা জরিমানা অথবা উভয় দণ্ড হতে পারে।যে চার ইয়ার্ডের বিরুদ্ধে মামলা হয়েছে সেগুলো হলো, ভাটিয়ারির জি স্টিল লিমিটেড, সোনাইছড়ির মক্কা শিপ ব্রেকিং অ্যান্ড রিসাইক্লিং লিমিটেড, মাদামবিবির হাটের চিটাগাং শিপ ব্রেকার্স অ্যান্ড রিসাইক্লিং লিমিটেড এবং শীতলপুরের হাবিব স্টিল লিমিটেড। পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রামের পরিদর্শক সাইফুল আশরাফ বাদী হয়ে মামলাগুলো করেন। পরিবেশ অধিদপ্তরের সূত্র জানায়, আরও কিছু ইয়ার্ডের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। সীতাকুণ্ডের ফৌজদারহাট থেকে কুমিরা পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার সমুদ্রসংলগ্ন এলাকায় প্রায় ৯৭টি শিপ ব্রেকিং (জাহাজ ভাঙা) ইয়ার্ড গড়ে উঠেছে।যোগাযোগ করা হলে বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যাসোসিয়েশনের সহসভাপতি মো. কামাল উদ্দীন প্রথম আলোকে বলেন, ‘মামলার মেরিট না বুঝে আমি কোনো মন্তব্য করব না। পরিবেশ অধিদপ্তর আমাদের কাছে শিপইয়ার্ড-সংক্রান্ত কিছু তথ্য ও দলিলপত্র চেয়েছিল। আমরা অনেকেই তা জমা দিয়েছি। সম্ভবত যাঁরা জমা দেননি তাঁদের বিরুদ্ধে মামলা হয়েছে।’ পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রামের ভারপ্রাপ্ত পরিচালক মো. মোস্তাফিজুর রহমান আখন্দ বলেন, ‘ইয়ার্ডগুলোয় পরিবেশসম্মতভাবে জাহাজ কাটার কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তা জানতে চেয়ে আমরা বারবার ইয়ার্ড মালিকদের চিঠি দিয়েছি। অনেকে কিছু তথ্য দিলেও এই চারটি ইয়ার্ডের মালিক চিঠির জবাব দেননি। এ কারণে মামলা হয়েছে।’