চট্টগ্রামে জায়গা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের হাজারী গলি এলাকায় বিরোধপূর্ণ জায়গার সীমানা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা থেকে রাত আটটা পর্যন্ত এই সংঘর্ষে ১০-১২ জন আহত হয়েছে। তবে আহত ব্যক্তিদের নাম-পরিচয় জানা যায়নি। এ সময় একটি ব্যাংক ও আরও কয়েকটি দোকানপাট ভাঙচুর হয়। পরে পুলিশ কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।স্থানীয় সূত্র জানায়, হাজারী গলির জয়কালী মন্দিরের কাছে একটি প্লট নিয়ে স্থানীয়দের মধ্যে দীর্ঘ দিন ধরে বিরোধ চলছিল। একটি পক্ষ ওই প্লটের কাছে গতকাল সন্ধ্যায় গেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। বিষয়টি নিয়ে পরস্পরবিরোধী বক্তব্য পাওয়া গেছে। মন্দিরের লোকজনের অভিযোগ, প্রতিপক্ষ বিনা উসকানিতে হামলা চালিয়েছে। এ সময় গুলির শব্দও শোনা গেছে। এ কারণে হামলাকারীদের প্রতিহত করতে সবাই এগিয়ে আসে। প্লটের মালিকের লোকজন অবশ্য এই অভিযোগ অস্বীকার করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, মন্দির ও প্লটের মালিকপক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ ব্যাপক আকার ধারণ করলে আশপাশের দোকানপাট বন্ধ করে দেন ব্যবসায়ীরা। বিশেষ করে হাজারী গলির পাইকারি ওষুধের মার্কেট ও টেরিবাজারের পাইকারি কাপড়ের দোকানপাট মুহূর্তের মধ্যে বন্ধ হয়ে যায়। এ সময় একটি পক্ষ এবি ব্যাংকের কার্যালয় এবং আরও আট-দশটি দোকান ভাঙচুর করে। পাশের সড়কে গাড়ি চলাচলও বন্ধ থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার গ্যাস ও রাবার বুলেট ছোড়ে। গতকাল রাত নয়টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত পরিস্থিতি উত্তপ্ত ছিল। ঘটনাস্থলে বিপুল পুলিশ ও র‌্যাব সদস্য অবস্থান নিয়েছে। অতিরিক্ত পুলিশ কমিশনার বনজ কুমার মজুমদার প্রথম আলোকে বলেন, জায়গা নিয়ে বিরোধের জের ধরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।