চট্টগ্রামে জিএমজির বিরুদ্ধে সিভিল এভিয়েশনের মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নয় কোটি ৪৪ লাখ টাকা বকেয়া আদায়ের জন্য জিএমজি এয়ারলাইনসের বিরুদ্ধে মামলা করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (সিভিল এভিয়েশন)। গতকাল মঙ্গলবার চট্টগ্রাম তৃতীয় যুগ্ম জেলা জজ নুরুল ইসলামের আদালতে মামলাটি দায়ের করা হয়। মামলার বাদী বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মাহমুদ হোসেন। মামলায় জিএমজি এয়ারলাইনসের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালককে আসামি করা হয়েছে। এজাহারে অভিযোগ করা বলা হয়, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ সারা দেশে বিমানবন্দর ব্যবহারের জন্য জিএমজি এয়ারলাইনসের কাছে ১৩৪ কোটি ৪২ লাখ ৩৪ হাজার ৯২০ টাকা পাওনা রয়েছে। এর মধ্যে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহারের পাওনার পরিমাণ নয় কোটি ৪৪ লাখ ৬৩ হাজার ৪২ টাকা। দীর্ঘদিন এ টাকা আদায় না হওয়ায় এ মামলা করা হয়। বাদীপক্ষের আইনজীবী কাজী ছানোয়ার আহমেদ প্রথম আলোকে বলেন, ৩১ মার্চ মামলার পরবর্তী দিন ধার্য করা হয়েছে।