চট্টগ্রামে জিপিএ-৫-এ এগিয়ে মেয়েরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এবারের জেএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়ার দিক থেকে এগিয়ে আছে মেয়েরা। এবার বোর্ডে মোট জিপিএ-৫ পেয়েছে তিন হাজার ৫৩১ জন শিক্ষার্থী। এদের মধ্যে ছাত্রী এক হাজার ৯০৮ জন। গত বছরের তুলনায় ৭১৪ জন বেশি।গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে জেএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। এবার বোর্ডে শীর্ষ অবস্থানে রয়েছে ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়। ফলাফলের দিক থেকে শীর্ষ ১০টি বিদ্যালয়ের মধ্যে তিনটিই বালিকা বিদ্যালয়।বোর্ড সূত্র জানায়, গত বছরও জিপিএ-৫ পাওয়ার দিক থেকে এগিয়ে ছিল চট্টগ্রামের মেয়েরা। ২০১১ সালে বোর্ডে জিপিএ-৫ পেয়েছিল এক হাজার ১৯৪ জন ছাত্রী। জিপিএ-৫ পাওয়া ছাত্রের সংখ্যা ছিল ৯৯৭ জন। এ বছর বোর্ডের ৭৫ হাজার ৮৪০ জন ছাত্রীর মধ্যে পরীক্ষায় অংশ নেয় ৭৪ হাজার ১৮৪ জন। অন্যদিকে বোর্ডের ৬০ হাজার ৬৭২ জন ছাত্রের মধ্যে ৫৯ হাজার ২৮৩ জন পরীক্ষায় অংশ নেয়। এ বছর ছাত্রীদের পাসের হার ৭৫ দশমিক ৯১ এবং ছাত্রদের ৮১ দশমিক ৪১।চট্টগ্রাম বোর্ডের সেরা বিদ্যালয়ের তালিকার পঞ্চম স্থানে আছে সিলভার বেলস বালিকা বিদ্যালয়। এই বিদ্যালয়ের ১৬২ জন পরীক্ষার্থীর মধ্যে ৯৬ জন ছাত্রী জিপিএ-৫ পেয়েছে। তালিকার নবম স্থানে থাকা বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজের ৩৪৯ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৭৭ জন।