চট্টগ্রামে জিপিএ-৫ পেয়েছে সাড়ে ১১ হাজার শিক্ষার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় চট্টগ্রাম জেলায় এবার জিপিএ-৫ পেয়েছে ১১ হাজার ৫০৬ জন পরীক্ষার্থী। গত বছর জেলায় জিপিএ-৫ পেয়েছিল পাঁচ হাজার ৭৫৮ জন। সেই হিসাবে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা এবার প্রায় দ্বিগুণ।এদিকে এবার ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষায়ও জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা এবং পাসের হার বেড়েছে।গতকাল বৃহস্পতিবার দুপুরে নগরের নন্দনকানন এলাকায় চট্টগ্রাম জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় থেকে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার ফল প্রকাশ করা হয়।জেলায় পাসের হার ৯৬ দশমিক ৪৬ শতাংশ। গত বছর পাসের হার ছিল ৯২ দশমিক ৩১ শতাংশ।জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাসরিন সুলতানা প্রথম আলোকে বলেন, ‘শিশুরা সারা বছর অনেক পরিশ্রম করে পরীক্ষা দিয়েছে। পাশাপাশি নিয়মিত তদারকি, শিক্ষক, অভিভাবক ও বিদ্যালয় কর্তৃপক্ষ সবার আন্তরিক প্রচেষ্টায় ফলাফল ভালো হয়েছে। এবারই প্রথম এক উপজেলার খাতা অন্য উপজেলার শিক্ষকদের দিয়ে মূল্যায়ন করা হয়েছে।’প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রকাশিত ফলাফল অনুযায়ী, এবার চট্টগ্রাম জেলার ১৪টি উপজেলা ও নগরের ছয়টি থানায় মোট পরীক্ষার্থী ছিল এক লাখ ২৮ হাজার ৬০ জন। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে এক লাখ ২৩ হাজার ৫৩৩ জন। অনুপস্থিত ছিল পাঁচ হাজার ৮৮৬ জন। অকৃতকার্য হয়েছে চার হাজার ৫২৭ জন। এবার জিপিএ-৫ পেয়েছে মোট ১১ হাজার ৫০৬ জন।জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্র জানায়, ২০১১ সালে প্রাথমিক শিক্ষা সমাপনীতে এক লাখ ২২ হাজার ৯২ জন পরীক্ষার্থী অংশ নিয়েছিল। এর মধ্যে উত্তীর্ণ হয়েছিল এক লাখ ১২ হাজার ৭০৬ জন। গত বছর জিপিএ-৫ পেয়েছিল পাঁচ হাজার ৭৫৮ জন পরীক্ষার্থী।এদিকে ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষায় গতবারের তুলনায় পাসের হার এবং জিপিএ-৫ পাওয়ার সংখ্যা বেড়েছে। ২১ হাজার ৬১২ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ১৮ হাজার ৯৬৯ জন। পাসের হার ৮৭ দশমিক ৭৭ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে এক হাজার ২০৯ জন। গতবার ইবতেদায়িতে ২০ হাজার ৯১১ জন পরীক্ষার্থী অংশ নিয়েছিল। পাস করেছিল ১৭ হাজার ৮৪০ জন। জিপিএ-৫ পেয়েছিল এক হাজার ১০১ জন।