চট্টগ্রামে জীববৈচিত্র্য উৎসব শুরু
চট্টগ্রাম নগরের আলিয়ঁস ফ্রঁসেজ মিলনায়তনে তিন দিনব্যাপী জীববৈচিত্র্য উৎসব শুরু হয়েছে। গতকাল শনিবার বিকেলে উৎসবের উদ্বোধন করেন ডেইলি স্টার পত্রিকার সম্পাদক মাহ্ফুজ আনাম। তিনি বলেন, ‘প্রকৃতির সঙ্গে আমাদের একটি নিবিড় সম্পর্ক রয়েছে। কিন্তু আমরা নিজেদের অজ্ঞাতে প্রকৃতির সঙ্গে যথেচ্ছ আচরণ করছি। নিজেদের প্রয়োজনেই প্রকৃতিকে নিয়ন্ত্রণ করে চলেছি বাছবিচারহীনভাবে। এটা ঠিক নয়। নতুন প্রজন্মের হাতে একটি বাসযোগ্য পৃথিবী তুলে দেওয়ার দায়িত্ব আমাদেরই। আর তাই এখন থেকেই আমাদের দৈনন্দিন জীবনাচরণে প্রকৃতির প্রতি সুবিচার করতে হবে।’ আলিয়ঁস ফ্রঁসেজ চট্টগ্রামের জীববৈচিত্র্য সংরক্ষণ ক্লাব ও ডেইলি স্টার-এর সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আলিয়ঁস ফ্রঁসেজ চট্টগ্রামের পরিচালক সামুয়েল বারথে। জীববৈচিত্র্য সংরক্ষণ ক্লাবের সংক্ষিপ্ত কার্যক্রম ও পরিচিতি তুলে ধরেন ক্লাবের সভাপতি মৌটুসী। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভারতীয় সহকারী হাইকমিশনার সোমনাথ ঘোষ, প্রথম আলোর আবাসিক সম্পাদক আবুল মোমেন, এশিয়ান ইউনিভার্সিটি অব উইমেনের ক্লোদিও ক্যাম্ব, জর্জিয়া গুলডান, বিশদ বাংলার পরিচালক আলম খোরশেদ, আলিয়ঁস ফ্রঁসেজ চট্টগ্রামের সভাপতি আদিল হোসেন প্রমুখ। তিন দিনব্যাপী উৎসবের বিভিন্ন কর্মসূচির মধ্যে রয়েছে কুইজ, চিত্রাঙ্কন, আলোকচিত্র প্রতিযোগিতা ও প্রদর্শনী, জীববৈচিত্র্যবিষয়ক আলোচনা, প্রামাণ্যচিত্র প্রদর্শন প্রভৃতি। কুইজ, চিত্রাঙ্কন ও আলোকচিত্র প্রতিযোগিতায় অংশ নিচ্ছে লিটল জুয়েলস স্কুল, চিটাগাং গ্রামার স্কুল, ফুলকি ও খাস্তগীর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা। গতকাল উদ্বোধনী অনুষ্ঠানে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে কীটপতঙ্গের ওপর নির্মিত প্রামাণ্যচিত্র মাইক্রোকসমস দেখানো হয়। আজকের কর্মসূচি: আজ রোববার বিকেল চারটায় আলিয়ঁস ফ্রঁসেজ মিলনায়তনে ‘আলোকচিত্রে জীববৈচিত্র্যের প্রতিফলন’বিষয়ক আলোচনা অনুষ্ঠিত হবে। পরে দেখানো হবে প্রামাণ্য চিত্র বারাকা ।