চট্টগ্রামে জুতার দোকানে ক্রেতার ভিড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদে নতুন পোশাক কেনার পাশাপাশি জুতার দোকানে ভিড় করছেন ক্রেতারা। অভিজাত শপিং মল থেকে শুরু করে ফুটপাতেও জমে উঠেছে জুতার বেচাকেনা।
নগরের বিভিন্ন বিপণিকেন্দ্র ঘুরে দেখা যায়, ক্রেতারা ব্র্যান্ডের চেয়ে নকশাকে বেশি গুরুত্ব দিচ্ছেন। আবহাওয়ার বিষয়টিও মাথায় রাখছেন তাঁরা। বেশির ভাগ ক্রেতাই পোশাকের সঙ্গে মানানসই জুতা খুঁজছেন। মেয়েরা পোশাকের নকশা ও রঙের সঙ্গে মিলিয়ে স্যান্ডেল ও জুতা পছন্দ করছেন। পাথর, কারচুপি, পুঁতি ও চুমকি বসানো স্যান্ডেলের বিক্রি বেশি বলে জানালেন বিক্রেতারা। এ ছাড়া দুই ফিতার স্যান্ডেলও চলছে বেশ। কিশোরীরা পছন্দ করছে হাল ফ্যাশনের ব্যালেরিনা শু।
নগরের সানমার ওশান সিটি থেকে ৯০০ টাকায় জুতা কিনেছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ফারজানা। তিনি প্রথম আলোকে বলেন, এবারের ঈদ বর্ষায় হওয়ায় তিনি ফেন্সি স্যান্ডেল কেনেননি। ফ্যাশনের পাশাপাশি জুতার সোলের দিকেও নজর দিয়েছেন।
বিপণিকেন্দ্রের পাশাপাশি বিভিন্ন শোরুমে বিক্রি হচ্ছে বিভিন্ন ব্র্যান্ডের জুতা। ব্র্যান্ডের ক্ষেত্রে মেয়েদের জুতা বিক্রি হচ্ছে ৬০০ টাকা থেকে সাড়ে তিন হাজার টাকায়। নন-ব্র্যান্ডের দোকানে মেয়েদের দেশে তৈরি জুতা বিক্রি হচ্ছে ৫০০ থেকে ১৮০০ টাকায়। আর বিদেশি জুতা বিক্রি হচ্ছে ১২০০ থেকে ৩০০০ টাকায়। এ ছাড়া বিভিন্ন ফ্যাশন হাউসেও মেয়েদের জন্য জুতা পাওয়া যাচ্ছে।
স্যান্ডেলের ক্ষেত্রে ব্র্যান্ডের দিকেই বেশি ঝোঁক দেখা গেল তরুণদের।
বিভিন্ন জুতার দোকান ঘুরে ছেলেদের স্যান্ডেল ও জুতার দাম একটু বেশিই দেখা গেল। নিউমার্কেটে কেনাকাটা করতে আসা সরকারি কর্মকর্তা ফয়জুল হাসান বললেন, ‘দাম একটু বেশি হলেও টেকসই হবে চিন্তা করে ব্র্যান্ডের জুতাই বেছে নিলাম।’
ব্র্যান্ড ভেদে ছেলেদের ক্যাজুয়াল স্যান্ডেলের দাম পড়ছে ৯০০ থেকে সাড়ে তিন হাজার পর্যন্ত। আর ফরমাল জুতা পাওয়া যাচ্ছে ২৫০০ থেকে ৯০০০ টাকা পর্যন্ত। নন-ব্র্যান্ডের জুতা স্যান্ডেল কিছুটা কম দামে পাওয়া যাচ্ছে। বিপণিকেন্দ্র ভেদে এসব জুতার দাম পড়বে ৫৫০ থেকে ৪০০০ টাকা। এ ছাড়া নগরের তামাকুমন্ডি লেনেও আমদানি করা অনেক জুতা বিক্রি হয়। বিদেশি জুতা পাওয়া যাবে ১০০০ থেকে ৫০০০ টাকার মধ্যে। আর দেশে তৈরি জুতা স্যান্ডেল বিক্রি হচ্ছে ৩০০ থেকে ১৮০০ টাকার মধ্যে।
শিশুদের জুতা কেনার ক্ষেত্রে ক্রেতারা বেশি গুরুত্ব দিচ্ছেন আরামকে। বিক্রেতারা জানান, মেয়েশিশুদের ক্ষেত্রে ব্যালেরিনা শু বেশি বিক্রি হচ্ছে আর ছেলেশিশুদের ক্ষেত্রে বেল্টযুক্ত স্যান্ডেল। শিশুদের জুতা ও স্যান্ডেলের দাম ৫০০ থেকে ১৮০০ টাকার মধ্যে।
এ ছাড়া নগরের বিভিন্ন ফুটপাতেও কম দামে নানা ধরনের জুতা বিক্রি হচ্ছে।