চট্টগ্রামে জুলাইতেও অস্বাভাবিক বৃষ্টিপাত!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জুন মাসে চট্টগ্রামে স্বাভাবিকের চেয়ে ৪৩ শতাংশ বেশি বৃষ্টিপাত হয়েছে। একইভাবে জুলাই মাসেও অত্যধিক বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। মৌসুমি নিম্নচাপজনিত বৃষ্টির কারণে চলতি মাসের শেষদিকে দেশের উত্তর, উত্তর-মধ্য এবং উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা করছেন আবহাওয়াবিদেরা।
আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র গত বুধবার এই পূর্বাভাস দিয়েছে। পূর্বাভাসে বলা হয়েছে, জুলাই মাসে বঙ্গোপসাগরে এক থেকে দুটি মৌসুমি নিম্নচাপ সৃষ্টি হবে। নিম্নচাপজনিত বৃষ্টির প্রভাবে দেশের কোথাও কোথাও বন্যা দেখা দিতে পারে।
জুলাই মাসে চট্টগ্রামে স্বাভাবিক বৃষ্টিপাত হওয়ার কথা ৭২০ মিলিমিটার। তবে তা ৭৫০ মিলিমিটার পর্যন্ত হতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। একই সময়ে দুটি মৌসুমি নিম্নচাপ হওয়ার পূর্বাভাস দেওয়া হয়। তার মধ্যে বর্তমানে বঙ্গোপসাগরে একটি মৌসুমি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর কারণে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি অব্যাহত রয়েছে।
এ বিষয়ে ঢাকা আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আরিফ হোসেন বলেন, ‘জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত মৌসুমি বায়ু সক্রিয় থাকাকালীন বঙ্গোপসাগরে মৌসুমি নিম্নচাপ সৃষ্টি হয়। জুলাইতেও দুটি হওয়ার কথা রয়েছে। এর প্রভাবে বৃষ্টিপাত হয়। চট্টগ্রামে জুন মাসে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি হয়েছে। এই মাসেও বৃষ্টি বেশি হতে পারে।’
আবহাওয়াবিদদের মতে, মৌসুমি নিম্নচাপের প্রভাবে এক-দুই দিনের ভারী বৃষ্টিপাতে বৃষ্টির স্বাভাবিক মাত্রা অতিক্রম করতে পারে। এ সময় অতিবৃষ্টিতে জলাবদ্ধতা দেখা দেবে। পাশাপাশি পাহাড়ধসের আশঙ্কা দেখা দিতে পারে।
আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, জুন মাসে চট্টগ্রামের পর রাজশাহীতে স্বাভাবিকের চেয়ে ৩২ শতাংশ এবং ঢাকায় ১৪ শতাংশ বেশি বৃষ্টিপাত হয়েছে। আবার সিলেটে সাত শতাংশ কম বৃষ্টিপাত হয়েছে। জুলাই মাসে ঢাকা ও সিলেটে স্বাভাবিকের চেয়ে বৃষ্টিপাত কিছুটা বেশি হওয়ার সম্ভাবনার কথা বলা হয়েছে। ঢাকায় ৩৯৫ মিলিমিটার এবং সিলেটে ৬১০ মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাসে জানানো হয়।
এদিকে, ঝড় সতর্কীকরণ কেন্দ্রের দীর্ঘমেয়াদি (তিন মাসের) পূর্বাভাসে বলা হয়েছে, জুলাই মাসের পর আগস্ট ও সেপ্টেম্বর মাসে তিন থেকে চারটি মৌসুমি নিম্নচাপ হতে পারে। সেপ্টেম্বরের পর বাংলাদেশ থেকে মৌসুমি বায়ু বিদায় নিতে পারে।