চট্টগ্রামে জেএমবি সদস্য সন্দেহে আটক ১
নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য সন্দেহে মিনহাজুল ইসলাম ওরফে সাজিল ওরফে সজীব নামের এক যুবককে থেকে আটক করা হয়েছে। গত বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে টাঙ্গাইলের নাগরপুর এলাকা থেকে চট্টগ্রাম নগর পুলিশের গোয়েন্দা শাখার সদস্যরা তাঁকে আটক করে।
মিনহাজুলের বয়স প্রায় ২৪ বছর। তাঁর বাড়ি মীরসরাই উপজেলার মধ্যম সোনাপাড়া এলাকায়। বাবার নাম তোফাজ্জল হোসেন।
চট্টগ্রাম নগর পুলিশের গোয়েন্দা শাখার অতিরিক্ত উপকমিশনার মো. বাবুল আক্তার প্রথম আলোকে বলেন, মিনহাজ গত ২৩ সেপ্টেম্বর সদরঘাট এলাকায় জেএমবির অন্য সদস্যদের সঙ্গে ছিনতাইয়ে অংশ নিয়েছিলেন। পরে তিনি টাঙ্গাইলে পালিয়ে যান। এর আগে গ্রেপ্তার হওয়া চার জেএমবি সদস্যের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে মিনহাজকে আটক করা হয়।
বাবুল আক্তারের ভাষ্য, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিনহাজ ওই ছিনতাইয়ে অংশ নেওয়ার কথা স্বীকার করেছেন। স্বেচ্ছায় জবানবন্দি দিতে রাজি হওয়ায় তাঁকে বিকেলে চট্টগ্রাম আদালতে হাজির করা হবে।
২৩ সেপ্টেম্বর নগরের সদরঘাট এলাকায় গুলি ও ককটেল বিস্ফোরণে দুই ছিনতাইকারীসহ তিনজন নিহত হন। ঘটনাস্থল থেকে দুটি একে ২২ রাইফেল উদ্ধার করে পুলিশ। এ ঘটনার তদন্ত করতে গিয়ে পুলিশ জঙ্গিদের সন্ধান পায়। পরে চারজনকে আটক করা হয়।