চট্টগ্রামে জেএমবি সন্দেহে গ্রেপ্তার তিনজন কারাগারে
নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির সদস্য সন্দেহে চট্টগ্রামে গ্রেপ্তার হওয়া তিন ছাত্রকে রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল শনিবার তাঁদের চট্টগ্রাম মহানগর হাকিম মোহাম্মদ রহমত আলীর আদালতে হাজির করা হয়। আদালত তিনজনকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এদিকে বায়েজিদ থানায় করা অন্য দুটি মামলায় ওই তিনজনকে আরও ১০ দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন করেছে চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশ। এ বিষয়ে আজ রোববার শুনানি হতে পারে।
জেএমবি সন্দেহে গ্রেপ্তার হওয়া তিনজন হলেন নাইমুর রহমান, ফয়সাল মাহমুদ ও শওকত রাসেল। তাঁরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। গত মঙ্গলবার তাঁদের ছাত্রত্ব বাতিল করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) কাজী মুত্তাকী ইবনু মিনান বলেন, কণর্ফুলী থানায় সন্ত্রাস দমন আইনে করা একটি মামলায় গত সোমবার এই তিন ছাত্রকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়। রিমান্ড শেষে শনিবার আদালতে হাজির করা হলে বিচারক তাঁদের কারাগারে পাঠান। তাঁদের বিরুদ্ধে হাটহাজারী থানায় অস্ত্র, বিস্ফোরক ও সন্ত্রাস দমন আইনে তিনটি মামলা রয়েছে।
গত ২৬ ডিসেম্বর দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত চট্টগ্রাম শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নাইমুর রহমান, ফয়সাল মাহমুদ ও শওকত রাসেলকে গ্রেপ্তার করে নগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাঁদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে ২৭ ডিসেম্বর হাটহাজারী উপজেলার আমানবাজারে জেএমবির চট্টগ্রামের কমান্ডার ফারদিন ওরফে নোমান ওরফে নাফিসের ভাড়া বাসায় অভিযান চালানো হয়। ওই বাসা থেকে অস্ত্র-গুলি, বিস্ফোরক, র্যাঙ্ক বেজসহ সেনাবাহিনীর ১২ সেট পোশাক উদ্ধার করা হয়।