চট্টগ্রামে জেএমবির সদস্য রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে জেএমবির এক সদস্যের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল মঙ্গলবার চট্টগ্রাম মহানগর হাকিম মোহাম্মদ হারুন অর রশিদ এই রিমান্ড মঞ্জুর করেন।

বাকলিয়া থানার একটি হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য বুলবুল আহমেদ ওরফে ফুয়াদ নামের ওই জেএমবি সদস্যকে রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়। তবে সূত্র জানায়, পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের স্ত্রীর হত্যাকাণ্ডের ঘটনায় তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে।

পুলিশ জানায়, ২০১৫ সালের ২৫ মে চট্টগ্রাম নগরের বাকলিয়া এলাকা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। ওই ঘটনায় করা মামলার তদন্ত করছেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) চট্টগ্রাম কার্যালয়ের পরিদর্শক শেখ এহতেশামুল ইসলাম।

চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী প্রথম আলোকে বলেন, ‘ওই হত্যাকাণ্ডের কোনো সূত্র পাওয়া যায়নি। গুপ্তহত্যার নির্দেশদাতা হতে পারেন জেএমবির সদস্য বুলবুল আহমেদ। ওই হত্যার রহস্য উদ্‌ঘাটন করতে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডে নেওয়ার জন্য আবেদন করা হয়। আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।’

পুলিশ জানায়, গত বছরের ৬ অক্টোবর চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের তৎকালীন অতিরিক্ত উপকমিশনার বাবুল আক্তারের নেতৃত্বে কর্ণফুলী থানার খোয়াজনগর এলাকায় অভিযান চালিয়ে বুলবুল আহমেদসহ পাঁচ জঙ্গিকে গ্রেপ্তার করা হয়। পরদিন জেএমবির চট্টগ্রামের সামরিক প্রধান জাবেদ ওরফে জায়েদকে নিয়ে অস্ত্র উদ্ধারে অভিযান চালান বাবুল আক্তার। ওই সময় গ্রেনেড বিস্ফোরণে জাবেদ নিহত হন। নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের একাধিক কর্মকর্তা প্রথম আলোকে বলেন, ওই ঘটনার প্রতিশোধ নিতে বাবুল আক্তারের স্ত্রীকে খুন করা হয়েছে কি না, তা জানতে চাওয়া হবে বুলবুলের কাছে।

দুজনকে জিজ্ঞাসাবাদ চলছে: বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানমকে হত্যার ১০ দিন পরও তদন্তের অগ্রগতি সম্পর্কে কিছু জানাতে পারেনি পুলিশ। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে গ্রেপ্তার দুজনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে।

৫ জুন সকালে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার সময় চট্টগ্রামের জিইসি এলাকায় গুলি ও ছুরিকাঘাতে খুন হন মাহমুদা খানম।

মামলার অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) দেবদাস ভট্টাচার্য সাংবাদিকদের বলেন, ‘কোনো প্রশ্ন ও উত্তর নয়। সময় হলেই গণমাধ্যমকে তদন্তের অগ্রগতি সম্পর্কে জানানো হবে।’

মামলার তদন্ত কর্মকর্তা ও নগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার মো. কামরুজ্জামানও তদন্তের অগ্রগতি সম্পর্কে কোনো মন্তব্য করতে রাজি হননি।