চট্টগ্রামে জেএমবির সদস্যের তিন দিনের রিমান্ড মঞ্জুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য শামীম হোসেন ওরফে হাসানের তিন দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। গতকাল মঙ্গলবার চট্টগ্রামের বিচারিক হাকিম এস এম মাসুদ পারভেজ সন্ত্রাসবিরোধী মামলায় তাঁর রিমান্ড মঞ্জুর করেন। গত রোববার সন্ধ্যায় হাটহাজারী থেকে শামীমকে গ্রেপ্তার করা হয়।চট্টগ্রাম জেলা আদালতের পুলিশ পরিদর্শক নিখিল মণ্ডল প্রথম আলোকে বলেন, হাটহাজারী থানা পুলিশ জেএমবির সদস্য শামীমকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। শুনানির পর আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। পুলিশ সূত্র জানায়, নীলফামারীতে ২০০৮ সালে করা একটি মামলায় শামীমের সাত বছরের সাজা হয়। ওই মামলার পর থেকে তিনি পলাতক। তিনি জেএমবির এহসার সদস্য। আট থেকে ১০ জন জঙ্গি নিয়ে তিনি প্রায় এক বছর আগে হাটহাজারীতে আস্তানা গাড়েন। জেএমবির সদস্য সংগ্রহের পাশাপাশি শক্তি বাড়াতে তাঁরা রিকশাচালক, দিনমজুর ও মিস্ত্রির বেশে কর্মকাণ্ড চালাচ্ছিলেন। জেএমবির হাটহাজারী অঞ্চলের কমান্ডার মোহাম্মদ মাসুম রোববার পুলিশকে লক্ষ্য করে বোমা ফাটিয়ে পালিয়ে যান।