চট্টগ্রামে জেএসসিতে পাসের হার ৮৫.৪৮

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষাবোর্ডে এ বছর পাসের হার ৮৫ দশমিক ৪৮ শতাংশ। গতবার এই হার ছিল ৮৪ দশমিক ২৯ শতাংশ।
আজ বৃহস্পতিবার দুপুরে শিক্ষাবোর্ড ভবনে ২০১৫ সালের জেএসসি পরীক্ষার ফলাফল ঘোষণা করেন ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক জামাল উদ্দীন আহমদ। এ সময় উপস্থিত ছিলেন বোর্ডের সচিব পীযূষ দত্ত ও কলেজ-পরিদর্শক সুমন বড়ুয়া প্রমুখ।
ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক বলেন, এবার এক হাজার ১৮৬টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এক লাখ ৭০ হাজার ৭১৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে পাস করেছে এক লাখ ৪৩ হাজার ৯৩৯ শিক্ষার্থী। পাসের হারের দিক দিয়ে এবার ছাত্ররা এগিয়ে। তাদের পাসের হার ৮৬ দশমিক ৫৮ শতাংশ। ছাত্রীদের পাসের হার ৮৪ দশমিক ৫৮ শতাংশ।

বোর্ড সূত্র জানায়, এবার জিপিএ-৫ পেয়েছে ১২ হাজার ২৬৮ জন। তাদের মধ্যে ছাত্র পাঁচ হাজার ৩৯৯ জন। ছাত্রী ছয় হাজার ৮৬৯ জন।

গতবার জিপিএ-৫ পেয়েছিল ১০ হাজার ৪৮৭ জন।

সংবাদ সম্মেলনে বোর্ডের সচিব পীযূষ দত্ত বলেন, পাসের হার শূন্য—এমন কোনো শিক্ষাপ্রতিষ্ঠান গতবার ছিল না। এবার দুটি বিদ্যালয় থেকে অংশ নেওয়া শিক্ষার্থীদের কেউ পাস করেনি। এবার শতভাগ পাস করেছে—এমন শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ১৫৮ টি।