পবিত্র রমজানে নায্যমূল্যে পণ্য বিক্রি করবে চেম্বার
চট্টগ্রামে জেলা প্রশাসনের বাজারে তদারকি শুরু
নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখতে গতকাল মঙ্গলবার থেকে চট্টগ্রাম নগরের খুচরা ও পাইকারি বাজারে তদারকি শুরু হয়েছে। জেলা প্রশাসনের পাঁচটি দল পৃথকভাবে ১৮টি বাজারে এ তদারকি করছে। প্রশাসন সূত্র জানায়, প্রথম দিন গতকাল তদারক দলের সদস্যরা দোকানে মূল্য তালিকা টানানো, বিএসটিআইর অনুমোদিত বাটখারা ব্যবহার, মেয়াদোত্তীর্ণ ও ভেজাল পণ্য বিক্রি না করার ব্যাপারে সতর্ক করে দেন। তাঁরা নায্যমূল্যে পণ্য বিক্রি করারও পরামর্শ দেন। গতকাল তাঁরা নগরের পাইকারি বাজার খাতুনগঞ্জ, খুচরা বাজার রেয়াজউদ্দিন, কাজীর দেউড়িসহ প্রধান বাজারগুলো তদারক করেন।অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এহছানে এলাহী প্রথম আলোকে বলেন, প্রথমদিকে বাজারে ব্যবসায়ীদের নানা বিষয়ে সতর্ক করা হচ্ছে। তবে তদারক দলের প্রতিবেদন পর্যালোচনা করে প্রয়োজনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পবিত্র রমজান শুরুর আগ পর্যন্ত বা প্রয়োজনে রমজান মাসেও বাজার তদারকি চলবে।জানা গেছে, জেলা প্রশাসনের একজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে প্রতিটি তদারক দলে চট্টগ্রাম চেম্বার, মেট্রোপলিটন ও উইমেন চেম্বার, দোকান মালিক সমিতি, ক্যাব, প্রেসক্লাব, বিজিবি, পুলিশ, র্যাব এবং সিটি করপোরেশন ও বিএসটিআইয়ের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। প্রতিটি দলে ন্যূনতম ১০ থেকে ১৪ জন সদস্য রয়েছেন।গতকাল বিকেলে মতবিনিময় সভায় চট্টগ্রাম চেম্বারের সভাপতি মোরশেদ মুরাদ ইব্রাহিম বলেন, রমজানে ভোগ্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে খোলা বাজারে পণ্য বিক্রি করবে চট্টগ্রাম চেম্বার। এ জন্য শিগগির চট্টগ্রাম চেম্বার থেকে একটি কর্মপরিকল্পনা তৈরি করা হবে।চট্টগ্রাম চেম্বারের জ্যেষ্ঠ সহ-সভাপতি মাহবুবুল আলম বড় ব্যবসায়ীদের ন্যায্যমূল্যে পণ্য বিক্রির আহ্বান জানান।