চট্টগ্রামে জোরেশোরে চলছে নববর্ষের সাড়ম্বর প্রস্তুতি
বাঙালি ঐতিহ্যের সবচেয়ে বড় পার্বণ পয়লা বৈশাখ। নানা আয়োজনে দিনটিকে বরণ করতে চট্টগ্রামে চলছে জোর প্রস্তুতি। বর্ষবিদায় ও বরণকে নানা আয়োজনে সাজানোর জন্য প্রতিবছরের মতো এবারও উদ্যোগ নিয়েছে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের পক্ষ থেকেও প্রস্তুতি নেওয়া হচ্ছে।
বরাবরের মতো চট্টগ্রামের ডিসি হিলে বর্ষবরণ ও বিদায় উপলক্ষে থাকছে দুই দিনব্যাপী অনুষ্ঠান। এর আয়োজক সম্মিলিত পয়লা বৈশাখ উদ্যাপন পরিষদ। ৩৭তম বারের মতো এ আয়োজনের প্রথম দিন বর্ষবিদায়ের অনুষ্ঠান শুরু হবে চৈত্রের শেষ দিন (১৩ এপ্রিল) বিকেল চারটায়। আর পয়লা বৈশাখের দিন ভোর ছয়টায় সংগীতের মধ্য দিয়ে নতুন বছর বরণ শুরু হবে।
পরিষদের সদস্যসচিব আহমেদ ইকবাল হায়দার প্রথম আলোকে বলেন, অনুষ্ঠানের খসড়া প্রস্তুতি শেষ। ১০ এপ্রিল রাতে বৈঠকের মাধ্যমে চূড়ান্ত করা হবে। তবে পোস্টার ও প্রকাশনা তৈরির কাজ শেষ হয়েছে।
সকল অমঙ্গলকে উড়িয়ে দিয়ে শুভকে বরণের জন্য মঙ্গল শোভাযাত্রার আয়োজন চলছে। মুখোশ ও স্থাপনা তৈরি ও শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত নগরের চারুকলা ইনস্টিটিউট প্রাঙ্গণ। নববর্ষের দিন সকাল নয়টায় ইনস্টিটিউট থেকে বর্ণিল এ শোভাযাত্রা বের করা হবে। চারুকলা ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক সৌমেন কান্তি দাশ প্রথম আলোকে বলেন, ‘এবারের শোভাযাত্রার প্রতিপাদ্য করা হয়েছে “জাগো বাঙালি জাগো, নব নব আনন্দে জাগো’’। রাজনৈতিক অস্থিরতা না থাকায় আশা করছি এবার গতবারের চেয়ে অনেক বেশি মানুষ প্রাণ খুলে শোভাযাত্রায় অংশ নেবেন।’
বরাবরের মতো ঢোলবাদনের মধ্য দিয়ে সিআরবির শিরীষ তলায় শুরু হবে নববর্ষ উদ্যাপন পরিষদের দুই দিনের আয়োজন। পয়লা বৈশাখে সাংস্কৃতিক অনুষ্ঠানের সঙ্গে বিকেলে থাকবে বলী খেলার আয়োজন।
বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজ (বাওয়া) মাঠে বৈশাখী আয়োজনের প্রস্তুতি নিয়েছে বাংলা বর্ষবিদায় ও বরণ সম্মিলন পরিষদ। এ ছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জেলা শিল্পকলা একাডেমী, হোটেল আগ্রাবাদ এবং চট্টগ্রাম প্রেসক্লাবেও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বৈশাখী মেলার প্রস্তুতি চলছে।
শত বছরের ঐতিহ্য ধরে রেখে ব্যবসায়ীদের অনেকেই খুলবেন হালখাতা। খাতুনগঞ্জের ব্যবসায়ী মো. জাকারিয়া বলেন, ‘হালখাতা ঘিরে উৎসবের জৌলুশ আর আগের মতো নেই। তবুও ঐতিহ্য অনুযায়ী এবারও আমরা হালখাতা খুলব, আগত ব্যক্তিদের মিষ্টিমুখ করাব।’
নগর পুলিশের অতিরিক্ত কমিশনার বনজকুমার মজুমদার বলেন, ভিড়ের কারণে কেউ যাতে নাশকতার সুযোগ না পায় সে জন্য সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হবে নগরবাসীকে।