মাইকিংসহ ব্যাপক গণসচেতনতামূলক তত্পরতা সত্ত্বেও চট্টগ্রামে ছেলেধরার গুজব ছড়িয়ে গণপিটুনির ঘটনা বন্ধ হচ্ছে না। এ কারণে পুলিশ বিষয়টি আর হালকাভাবে নিচ্ছে না। এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে শুরু করেছে। ঘটনার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে গণপিটুনিতে জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং তাঁদের বিরুদ্ধে মামলা করেছে।জেলা পুলিশ সূত্র জানায়, গতকাল সকাল সাড়ে ১০টার দিকে জেলার লোহাগাড়া থানার দরবেশহাট এলাকায় একজন ভিখারিকে গণপিটুনি দেওয়ার খবর পেয়ে পুলিশ দ্রুত সেখানে উপস্থিত হয়। এরপর বিক্ষুব্ধ জনতার সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এতে তিন পুলিশসহ ১০-১২ জন আহত হন। আহত ব্যক্তিদের মধ্যে কনস্টেবল গোফরান উদ্দীনের মাথা ফেটে গেছে। তাঁকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ছাড়া আহত সহকারী উপপরিদর্শক (এএসআই) নাজমুল ও কনস্টেবল স্নেহকুমার চাকমাকে প্রাথমিক চিকিত্সা দেওয়া হয়।লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূরুল আমিন প্রথম আলোকে বলেন, সৈয়দ আলী (৫০) নামের ওই ভিক্ষুক দুই-আড়াই বছর ধরে এলাকায় ভিক্ষা করছিলেন। বুধবার সকালে আকস্মিক সাত-আটজন লোক তাঁর ভিক্ষার ঝুলিতে মানুষের কাটা মুণ্ডু আছে—এমন গুজব ছড়িয়ে তাঁকে মারধর শুরু করে। পুলিশ ভিক্ষুককে উদ্ধার করতে গেলে জনতা সংঘবদ্ধ হয়ে পুলিশের ওপর হামলা চালায়। সৈয়দ আলী এখন পুলিশ হেফাজতে আছেন। পুলিশ সূত্রে জানা গেছে, ওই ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রায় ১৫০ জনকে আসামি করে দুটি পৃথক মামলা হয়েছে। একটি পিটিয়ে হত্যাচেষ্টা এবং অন্যটি পুলিশের ওপর হামলা এবং সরকারি কাজে বাধাদানের মামলা।এদিকে, গত মঙ্গলবার রাতে নগরের বাকলিয়া থানার মিয়াখান নগরে গণপিটুনিতে নিহত মানসিক প্রতিবন্ধী মহিলার পরিচয় পাওয়া গেছে। তাঁর নাম রোকেয়া বেগম (৩০)। তিনি ওই এলাকার বাসিন্দা।ওই ঘটনায় দায়ের হওয়া মামলার তদন্ত কর্মকর্তা এসআই ফারুক বলেন, মহিলাকে পিটিয়ে হত্যার ঘটনায় এক-দেড় হাজার অজ্ঞাতনামা লোকের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। গ্রেপ্তার হয়েছে চারজন।নগর পুলিশের বিশেষ শাখার উপকমিশনার মো. ময়নুল ইসলাম বলেন, গণপিটুনিকে আর হালকাভাবে দেখার উপায় নেই। এসব ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করা হবে।ছেলেধরার গুজব ছড়িয়ে দুই সপ্তাহে নগর ও জেলার বিভিন্ন উপজেলায় মোট ১৯টি গণপিটুনির ঘটনা ঘটে। এতে পাঁচজন নিহত এবং আরও ২২ জন আহত হন। ছেলেধরার গুজবে কান না দিতে পুলিশ প্রশাসন গত সোমবার থেকে মাইকে প্রচারণাসহ নানা সচেতনতামূলক সামাজিক কর্মকাণ্ড শুরু করে।পুলিশ সদর দপ্তরের পরামর্শ: ছেলে ধরা নিয়ে গুজবে আতঙ্কিত না হওয়ার অনুরোধ জানিয়েছে পুলিশ সদর দপ্তর। গতকাল বুধবার এক বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, পুলিশের অনুসন্ধানে দেখা গেছে, ছেলে ধরার ঘটনা নিতান্তই একটি গুজব। দেশের কোনো স্থানেই এ ধরনের ঘটনার কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে এ ধরনের আতঙ্ক ছড়াচ্ছে। পুলিশের সব ইউনিট এ চক্রের অপতত্পরতার বিরুদ্ধে সতর্ক রয়েছে। দেশের কোথাও কোনো ব্যক্তি এ ধরনের গুজব ছড়ানোর চেষ্টা করলে তার সম্পর্কে কাছের থানায় জানানোর জন্য পুলিশ সদর দপ্তরের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।