চট্টগ্রামে ঝিলে ডুবে যুবকের মৃত্যু
চট্টগ্রামের ফয়’স লেকের ৩ নম্বর ঝিলে ডুবে ওবায়দুর রহমান (২৭) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল রোববার দুপুরে মুমূর্ষু অবস্থায় তাঁকে উদ্ধার করা হয়। পরে হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহত ওবায়দুর নগরের আকবর শাহ থানার গোলপাহাড় এলাকার আবদুস সাত্তারের ছেলে।
নগরের আকবার শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল মজিদ প্রথম আলোকে জানান, ওবায়দুর ৩ নম্বর ঝিল এলাকার বাসিন্দা এক ব্যক্তির স্ত্রীকে বিয়ের প্রস্তাব দেন। বিষয়টি তাঁর স্বামীকে জানান ওই নারী। ওবায়দুর তাঁর বন্ধু ইমরানকে নিয়ে গতকাল সকালে ওই নারীর বাসায় যান। এ সময় ওই নারীর স্বামী তাঁদের ধাওয়া দিলে তাঁরা পাশের ঝিলে লাফ দেন। এ সময় ইমরান সাঁতরে ঝিল থেকে উঠতে পারলেও ওবায়দুর পানিতে ডুবে যান। পরে তাঁকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এই ঘটনায় মামলা করার প্রক্রিয়া চলছে বলে জানান ওসি আবদুল মজিদ।
এদিকে নিহত ওবায়দুরের বড় ভাই মোহাম্মদ শহীদুল প্রথম আলোকে বলেন, ‘স্থানীয় একটি সন্ত্রাসী চক্র আমাদের সম্পত্তি দখল করার চেষ্টা করছে। তারাই টাকাপয়সা দিয়ে আমার ভাইকে খুন করিয়েছে।’