চট্টগ্রাম নগরের ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করা ও ইমারত বিধিমালা মানা হচ্ছে কি না, তা দেখতে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (চউক) অভিযান চলছে। গতকাল বৃহস্পতিবারও চউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আশরাফুল আমিনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত চারটি ভবনকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে এবং বিধিমালা না মানায় একটি ভবনের মালিককে জরিমানা করেন। চউক সূত্র জানায়, গতকাল ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলাকালে নগরের কাজীর দেউড়ি এলাকায় কাজী আনছারুল হক ও কাজী আবু জাফরের মালিকানাধীন বাংলা হোটেল পরিদর্শন করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালত ভবনের দেয়াল, কক্ষ ও পিলারে ফাটল দেখতে পান। ভবনটি ঝুঁকিপূর্ণ হওয়ায় তা সিলগালা করে দেন আদালত। এ ছাড়া ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলাকালে নগরের ২ নম্বর গেট এলাকায় আবু আহমদের মালিকানাধীন নির্মাণাধীন ভবন চট্টগ্রাম ট্রেডিং হাউস পরিদর্শন করেন। এ সময় চউক অনুমোদিত নকশা লঙ্ঘন করে ভবনের নির্মাণকাজ করায় ভবন মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়। ভবনের নকশাবহির্ভূত অংশও ভেঙে ফেলার নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া অভিযান চলাকালে নগরের আমতল এলকায় হাসিনা হকের মালিকানাধীন জনতা মার্কেট পরিদর্শন করে সেটিও ঝুঁকিপূর্ণ দেখতে পান। ভবনটি ঝুঁকিপূর্ণ ঘোষণার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে বলে চউক সূত্র জানায়। এদিকে নগরের আগ্রাবাদের হাজীপাড়ায় ইসহাক মিয়ার মালিকানাধীন দুটি ভবন অত্যন্ত ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে সেগুলোর নির্মাণকাজ বন্ধের নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া হাজীপাড়ায় মো. শফির মালিকানাধীন ভবনটি খালের সীমানা বরাবর তৈরি করা হয়েছে বলে চিহ্নিত করা হয়েছে। এ কারণে নির্মাণকাজ বন্ধ রেখে ভবনের নকশাবহির্ভূত অংশ ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়। অভিযান সম্পর্কে চউকের নির্বাহী হাকিম মোহাম্মদ আশরাফুল আমিন বলেন, ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিতকরণ ও ইমারত নির্মাণ আইন অমান্য করে ভবন নির্মাণকারীদের বিরুদ্ধে এ অভিযান জনস্বার্থে অব্যাহতভাবে চলবে।