চট্টগ্রামে ঝুঁকিপূর্ণ ভবন অপসারণ শুরু
চট্টগ্রাম সিটি করপোরেশন আজ বৃহস্পতিবার দুপুরে বড়ুয়া ভবনের ঝুঁকিপূর্ণ অংশ অপসারণ শুরু করেছে। ছয় তলাবিশিষ্ট ভবনটি নগরে সদরঘাটের পি কে সেন সড়কে অবস্থিত।
চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্র্রেট নাজিয়া শিরিনের নেতৃত্বে এ অপসারণ কার্যক্রম পরিচালিত হয়। অপসারণ কার্যক্রমে করপোশেরনের ২০ জন শ্রমিক নিয়োজিত।
নাজিয়া শিরিন প্রথম আলো ডটকমকে বলেন, ভবনের তিন তলার ওপরের অংশ ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, ফায়ার সার্ভিস ও পরিবেশ অধিদপ্তর ভবনটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে। তাই জানমালের নিরাপত্তায় ঝুঁকিপূর্ণ অংশ ভেঙে ফেলা হচ্ছে।
পর্যায়ক্রমে অন্যান্য ঝুঁকিপূর্ণ ভবনও অপসারণ করা হবে বলে জানান নাজিয়া শিরিন।
প্রসঙ্গত, বড়ুয়া ভবনের ওপরের অংশ গত বছর পাশের মা ভবনের ওপর হেলে পড়ে। এরপর ভবনটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়। গত সোমবার করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত এক দিনের মধ্যে ভবন খালি করতে মালিককে নির্দেশ দেন।
করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত আজ পর্যন্ত মোট ছয়টি ঝুঁকিপূর্ণ ভবন খালি করতে সংশ্লিষ্ট মালিকদের নির্দেশ দিয়েছেন। চট্টগ্রাম নগরে মোট ৬৪টি ঝুঁকিপূর্ণ ভবন রয়েছে।