চট্টগ্রামে ঝুঁকিপূর্ণ ভবন অপসারণ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম সিটি করপোরেশন গতকাল বৃহস্পতিবার দুপুরে বড়ুয়া ভবনের ঝুঁকিপূর্ণ অংশ অপসারণ শুরু করেছে। ছয়তলাবিশিষ্ট ভবনটি নগরে সদরঘাটের পি কে সেন সড়কে অবস্থিত।
চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া শিরিনের নেতৃত্বে এ অপসারণ কার্যক্রম পরিচালিত হয়। অপসারণ কার্যক্রমে করপোরেশনের ২০ জন শ্রমিক নিয়োজিত আছেন। নাজিয়া শিরিন প্রথম আলোকে বলেন, ভবনের তিনতলার ওপরের অংশ ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, ফায়ার সার্ভিস ও পরিবেশ অধিদপ্তর ভবনটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে। তাই জানমালের নিরাপত্তায় ঝুঁকিপূর্ণ অংশ ভেঙে ফেলা হচ্ছে। পর্যায়ক্রমে ঝুঁকিপূর্ণ অন্য ভবনগুলো অপসারণ করা হবে বলে জানান নাজিয়া শিরিন।
উল্লেখ্য, বড়ুয়া ভবনের ওপরের অংশ গত বছর পাশের মা ভবনের ওপর হেলে পড়ে। এরপর ভবনটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়। গত সোমবার করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত একদিনের মধ্যে ভবনটি খালি করতে মালিককে নির্দেশ দেন।
এদিকে করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত বৃহস্পতিবার পর্যন্ত মোট ছয়টি ঝুঁকিপূর্ণ ভবন খালি করতে সংশ্লিষ্ট মালিকদের নির্দেশ দিয়েছেন। চট্টগ্রাম নগরে ৬৪টি ঝুঁকিপূর্ণ ভবন রয়েছে।