চট্টগ্রামে ঝুট গুদাম ও দোকানে আগুন
চট্টগ্রাম নগরের বায়েজীদ থানার সৈয়দনগর এলাকায় একটি ঝুট কাপড়ের গুদামে আগুনে দেড় লাখ টাকার মালামাল এবং ডবলমুরিং থানার বাদামতল এলাকায় একটি দোকানে দড়ি পুড়ে আরও ৮০ হাজার টাকার মালামালের ক্ষতি হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে যান্ত্রিক ঘর্ষণ থেকে ঝুট গুদামে এবং জ্বলন্ত সিগারেট থেকে বাদামতল এলাকায় আগুনের সূত্রপাত হয় বলে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানিয়েছে।বায়েজীদ বোস্তামী ফায়ার সার্ভিস ইউনিটের স্টেশন অফিসার জানে আলম বলেন, মেসার্স আলী আজম কটন জুট মিল নামে সেমিপাকা গুদামে গতকাল দুপুরে মেশিনের অতিরিক্ত ঘর্ষণের ফলে উৎপন্ন তাপ থেকে আগুন লাগে। ফায়ার সার্ভিসের দুটি গাড়ি গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে দেড় লাখ টাকার মালামাল পুড়ে যায় এবং পাঁচ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়। এদিকে দমকল বাহিনী সূত্র আরও জানায়, গতকাল সকালে ডবলমুরিং থানার বাদামতল এলাকা সালেহ আহমদ কাজী সড়কের একটি নাইলনের দোকানে জ্বলন্ত সিগারেট থেকে আগুন লেগে ৮০ হাজার টাকার মালামাল পুড়ে গেছে।