চট্টগ্রামে টানা বৃষ্টিপাত পাহাড়ধসেরসতর্কবার্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সঞ্চালনশীল মেঘমালার কারণে চট্টগ্রাম ও আশপাশের এলাকায় পাঁচ দিন ধরে বৃষ্টি অব্যাহত রয়েছে। গতকাল শুক্রবার বেলা তিনটা পর্যন্ত ২১ মিলিমিটার বৃষ্টিপাত হয়। আগামী ২৪ ঘণ্টায় আরও বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। সেই সঙ্গে পাহাড়ধসের সতর্কবার্তাও জারি করেছে আবহাওয়া দপ্তর।

সতর্কবার্তা মাথায় রেখে বিভিন্ন এলাকায় মাইকিং করে পাহাড়ের ঝুঁকিপূর্ণ বাসিন্দাদের নেমে যাওয়ার আহ্বান জানানো হচ্ছে। গতকাল শুক্রবার বিকেলে জেলা প্রশাসনের পক্ষ থেকে পাহাড়ের ঝুঁকিপূর্ণ বাসিন্দাদের কয়েকটি পরিবারকে টাইগার পাস দিগন্ত ক্লাব মাঠের অস্থায়ী পুনর্বাসনের তাঁবুতে তোলা হয়েছে। এ কার্যক্রম অব্যাহত থাকবে।

সরেজমিনে দেখা গেছে, টাইগার পাস দিগন্ত ক্লাব মাঠে অস্থায়ী পুনর্বাসনের জন্য তাঁবু খাটানো হলেও টানা বৃষ্টিতে মাঠটি কর্দমাক্ত হয়ে পড়েছে। তবে মাঠ থেকে পানি সরে যাওয়ার জন্য নালা নির্মাণ করা হয়েছে। অস্থায়ী পুনর্বাসনকেন্দ্রে আরও কিছু কাজের প্রস্তুতি বাকি রয়েছে। দু-এক দিনের মধ্যে এসব কাজ শেষ হবে বলে অতিরিক্ত জেলা প্রশাসক হুমায়ুন কবির জানান।

এদিকে, গভীর সঞ্চালনশীল মেঘমালার কারণে উত্তর বঙ্গোপসাগর ও তদসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দরসমূহের ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার ও মংলা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কতাসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। কালবৈশাখী ঝড়ের প্রভাবে সকাল নয়টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে ঢাকা, চট্টগ্রাম ও বরিশাল বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে বলে আবহাওয়া দপ্তর জানায়। সেই সঙ্গে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি অঞ্চলে কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা করা হয়।