চট্টগ্রামে টানা বৃষ্টিপাতে জলাবদ্ধতা, ৩ নম্বর সতর্কসংকেত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে রাতভর ভারী বৃষ্টিপাতে নগরের বিভিন্ন এলাকায় গতকাল শুক্রবার আবারও জলাবদ্ধতা দেখা দিয়েছে। উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর সঞ্চালনশীল মেঘের কারণে এই বৃষ্টি আরও এক দিন অব্যাহত থাকবে বলে আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে।পাশাপাশি তিন সমুদ্রবন্দর চট্টগ্রাম, কক্সবাজার ও মংলাকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুর ১২টা পর্যন্ত চট্টগ্রাম ও আশপাশে ১৬০ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। বৃহস্পতিবার রাত থেকে বৃষ্টি শুরু হয়। শুক্রবার দিনেও অঝোরধারায়, কখনো মাঝারি, আবার কখনো ভারী বৃষ্টিপাত অব্যাহত ছিল।বৃষ্টির সময় শুক্রবার দুপুরে মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ফুটপাতের একটি বড় গাছ (আফ্রিকান টিউলিপ ট্রি) শিকড়সহ উপড়ে রাস্তায় পড়ে। এ সময় গাছের নিচে চাপা পড়ে একটি রিকশা ও সিএনজি অটোরিকশা। পরে অজ্ঞাতপরিচয় রিকশাচালককে আহত অবস্থায় চমেক হাসপাতালে ভর্তি করা হয়। গাছ রাস্তায় পড়ার কারণে ওই সড়কের একপাশে যোগাযোগ বন্ধ হয়ে যায়। এদিকে বৃষ্টির কারণে পুনরায় জলাবদ্ধতা দেখা দিয়েছে নগরের বিভিন্ন এলাকায়। এর আগে গত ৮ সেপ্টেম্বর ভারী বৃষ্টিতে নগরে জলাবদ্ধতা দেখা দিয়েছিল। সেদিন ৩৩১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছিল। গতকাল মুরাদপুর, বহদ্দারহাট, বাদুরতলা, কাপাসগোলা, চকবাজার, হালিশহর, চান্দগাঁও, বাকলিয়া, ডিসি রোড, মাস্টারপুল, আগ্রাবাদ, চাক্তাই, সিডিএ আবাসিক এলাকাসহ বিভিন্ন স্থানে হাঁটু থেকে কোমর সমান পানি দেখা গেছে। এ সময় জলাবদ্ধতার কারণে যানবাহন চলাচলও অনেক সড়কে বন্ধ হয়ে পড়ে। এতে দুর্ভোগের শিকার হয় সাধারণ মানুষ।আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, গভীর সঞ্চালনশীল মেঘমালার কারণে সমুদ্রবন্দর এবং ত ৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়া অব্যাহত থাকতে পারে। ফলে বন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেতের পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।