চট্টগ্রামে টায়ার জ্বালিয়ে আতঙ্ক সৃষ্টির চেষ্টা হরতালের পক্ষে স্লোগান
চট্টগ্রাম নগরের জিইসি মোড়ে গতকাল বুধবার সন্ধ্যায় একদল যুবক টায়ার জ্বালিয়ে ও পটকা ফাটিয়ে আতঙ্ক সৃষ্টির চেষ্টা চালান। এ সময় তাঁরা হরতালের পক্ষে স্লোগান দেন। পরে তাঁরা দ্রুত সাধারণ মানুষের সঙ্গে মিশে যান। এর আগে পুলিশ চট্টগ্রাম কলেজের ছাত্রাবাসে অভিযান চালিয়ে শিবিরের আটজন নেতা-কর্মীকে গ্রেপ্তার করে।ওমর গণি এমইএস কলেজ ছাত্রসংসদের জিএস আরশেদুল আলম প্রথম আলোকে বলেন, ‘সন্ধ্যা সাতটার দিকে আমরা জিইসি মোড়ের একপাশে আড্ডা দিচ্ছিলাম। হঠাৎ দেখি একটি সিএনজিচালিত অটোরিকশা থেকে জ্বলন্ত টায়ার রাস্তায় ফেলা হয়েছে। মুহূর্তের মধ্যে কয়েকজন যুবক চারটি পটকা ফাটায়।’ সন্ধ্যায় আকস্মিক এ ঘটনার পর জিইসি মোড় ও আশপাশের এলাকায় কিছুক্ষণ গাড়ি চলাচল বন্ধ থাকে। ঘটনার পরই ছাত্রলীগের কিছু নেতা-কর্মী সেখানে হাজির হয়। তাঁদের কারও কারও হাতে লাঠি দেখা গেছে। সাড়ে সাতটার দিকে পুলিশ সেখানে যায়। এরপর যান চলাচল স্বাভাবিক হয়। নগর পুলিশের কোতোয়ালি অঞ্চলের সহকারী কমিশনার আবদুল মান্নান বলেন, ‘জিইসির মোড়ে ছাত্রশিবিরের ছেলেরা আচমকা হামলা চালানোর চেষ্টা করে। হরতালের আগে আতঙ্ক সৃষ্টি ওদের উদ্দেশ্য ছিল। পুলিশের পাহারা জোরদার থাকায় ওরা বড় ধরনের কোনো ঘটনা ঘটানোর সুযোগ পায়নি।’এ ঘটনার পর ছাত্রলীগের নেতা-কর্মীরা রাতে নগরের বিভিন্ন স্থানে মিছিল করেন। এ সময় তাঁরা জামায়াত-শিবিরের বিরুদ্ধে স্লোগান দেন। এদিকে গতকাল সন্ধ্যা ছয়টার কোতোয়ালি থানার পুলিশ চট্টগ্রাম কলেজের সোহরাওয়ার্দী ও শেরেবাংলা হোস্টেলে অভিযান চালায়। এ সময় আটজনকে গ্রেপ্তার করা হয়।