চট্টগ্রামে টিকিট কালোবাজারি রোধে অভিযান শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদ সামনে রেখে চট্টগ্রামে রেলের টিকিটের কালোবাজারি রোধ করতে গতকাল শনিবার থেকে ভ্রাম্যমাণ আদালতের অভিযান শুরু হয়েছে। আগামী ৫ জুলাই পর্যন্ত এ অভিযান চলবে।
গতকাল প্রথম দিনে বিনা টিকিটে ট্রেনে ওঠার সময় তিন ব্যক্তিকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
জেলা প্রশাসন জানায়, সকাল আটটায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মনসুর এবং শেখ নুরুল আলম আদালত পরিচালনা করেন। তাঁরা টিকিট বিক্রি কার্যক্রম প্রত্যক্ষ করেন। যাত্রীদের সঙ্গেও কথা বলেন। প্রায় পাঁচ ঘণ্টাব্যাপী অভিযানে রেলের বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা মো. মিজানুর রহমান এবং সহকারী বাণিজ্যিক কর্মকর্তা শাহআলম কিরণ ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মনসুর বলেন, বিনা টিকিটে প্ল্যাটফর্মে অবস্থান করে ট্রেনে ওঠার চেষ্টা করায় তিন ব্যক্তিকে জরিমানা করা হয়েছে। তাঁদের কাছে প্ল্যাটফর্মে অবস্থানের টিকিট বা ট্রেনে ভ্রমণের কোনো টিকিট ছিল না। তিনি জানান, টিকিট না থাকায় প্রতিজনকে ১০০ টাকা করে জরিমানা করা হয়। এ ছাড়া তাঁদের কাছ থেকে গন্তব্যে যাওয়ার ভাড়ার দ্বিগুণ টাকা আদায় করে রেলওয়ে।