চট্টগ্রামে টেম্পো ও অটোরিকশা সংঘর্ষে এএসআই নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরে টেম্পো ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ট্রাফিক পুলিশের একজন সহকারী উপপরিদর্শক (এএসআই) নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার বেলা তিনটার দিকে ডবলমুরিং থানার দেওয়ানহাট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত এএসআই হলেন মোহাম্মদ হানিফ (৪০)। তিনি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানার শ্রীধর গ্রামের মোহাম্মদ হাফিজের ছেলে।
নগর পুলিশের ট্রাফিক বিভাগের বাকলিয়া থানার পরিদর্শক দেবব্রত কর জানান, হানিফ দায়িত্ব পালন শেষে নিউমার্কেট এলাকা থেকে টেম্পোতে করে হালিশহরের বাসায় ফিরছিলেন। দেওয়ানহাটের বায়তুশ শরফ মসজিদের সামনে ওভারপাস থেকে নামার সময় একটি অটোরিকশার সঙ্গে টেম্পোটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে টেম্পোটি উল্টে যায়। এর নিচে চাপা পড়ে মাথায় প্রচণ্ড আঘাত পান হানিফ। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।