চট্টগ্রামে টেম্পো থেকে নামিয়ে ব্যবসায়ীর লাখ টাকা ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নগরের চান্দগাঁও থানার মৌলভীপুকুর পাড় এলাকায় টেম্পো থেকে নামিয়ে এক ব্যবসায়ীর দেড় লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। ওই সময় ব্যবসায়ীকে মারধর করে তাঁর মুঠোফোন সেটটিও ছিনিয়ে নেওয়া হয়। গতকাল বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে এই সন্ত্রাসী ঘটনা ঘটে। গতকাল রাতে এই প্রতিবেদন লেখার সময় দুর্বৃত্তদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছিল। ছিনতাইয়ের শিকার ব্যবসায়ীর নাম সরওয়ার আলম (২৭)। তিনি চট্টগ্রামের রাউজান উপজেলার স্থায়ী বাসিন্দা। তিনি সীতাকুণ্ড থেকে পুরোনো জাহাজের বিভিন্ন পণ্য কিনে খোলাবাজারে বিক্রির ব্যবসা করেন।সরওয়ার আলমের বড় ভাই আলমগীর সবুজ বলেন, ‘ব্যবসার জন্য বোনের কাছ থেকে ৫০ হাজার ও এক প্রবাসী বন্ধুর কাছ থেকে এক লাখ টাকা সংগ্রহ করে সরওয়ার। এরপর টাকা নিয়ে রাউজানে বাড়িতে যাওয়ার উদ্দেশে বহদ্দারহাট মোড় থেকে একটি সিএনজিচালিত টেম্পোতে ওঠে। মৌলভীপুকুর পাড় এলাকায় পৌঁছালে একটি সিএনজি অটোরিকশাযোগে কয়েকজন দুর্বৃত্ত টেম্পোটির গতিরোধ করে। টেম্পোতে থাকা এক যাত্রী দুর্বৃত্তদের সহযোগী ছিল। ওই যাত্রীর সহযোগিতায় দুর্বৃত্তরা সরওয়ারকে টেম্পো থেকে নামিয়ে সংলগ্ন একটি গ্যারেজে নিয়ে যায়। সেখানে মারধর করে দেড় লাখ টাকা ও মুঠোফোনটি ছিনিয়ে নেয়।’