চট্টগ্রামে টেম্পো-লরির সংঘর্ষে নিহত ৩
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের বন্দর থানার সল্টগোলা এলাকায় আজ শুক্রবার টেম্পো ও বড় কাভার্ড ভ্যানের (লরি) মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন তিনজন। সকাল সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন ফাতেমা বেগম (২৫) ও কফিল উদ্দিন (২৮)। নিহত আরেকজনের পরিচয় জানা যায়নি। তাঁরা সবাই টেম্পোর যাত্রী ছিলেন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির নায়েক জাহাঙ্গীর আলম প্রথম আলোকে বলেন, হতাহত ব্যক্তিরা সবাই পোশাকশ্রমিক। টেম্পো ও লরির মুখোমুখি সংঘর্ষের ঘটনায় স্থানীয় লোকজন ছয়জনকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসে। পরে কর্তব্যরত চিকিত্সক তিনজনকে মৃত ঘোষণা করেন।
বন্দর থানার কর্তব্যরত কর্মকর্তা উপসহকারী পরিদর্শক (এএসআই) খোরশেদ আলম বলেন, লরিটিকে আটক করা যায়নি। দুমড়ে-মুচড়ে যাওয়া টেম্পোটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।