চট্টগ্রামে টেলিটক কার্যালয়ের লক্ষাধিক টাকা চুরি
রাষ্ট্রায়ত্ত মুঠোফোন সেবাদানকারী প্রতিষ্ঠান টেলিটকের চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের আলমারি ও লকার ভেঙে এক লাখ ১৮ হাজার টাকা নিয়ে গেছে দুর্বৃত্তরা। নগরের কোতোয়ালি থানাধীন দামপাড়া এলাকার কার্যালয়ে গতকাল বুধবার ভোরে এ চুরির ঘটনা ঘটেছে বলে পুলিশের ধারণা। নগরের দামপাড়া এম এম আলী সড়কের মুখে সাততলা ইদ্রিস সেন্টারের দ্বিতীয় তলায় টেলিটকের কার্যালয়। চোরেরা কার্যালয়ের দুটি আলমারি ও চারটি টেবিলের ড্রয়ার ভেঙে টাকা নিয়ে গেলেও ল্যাপটপ, সিম কার্ড, রিচার্জ কার্ড ও মুঠোফোন সেট নেয়নি। টেলিটক চট্টগ্রাম কার্যালয়ের উপব্যবস্থাপক জাকারিয়া আহমেদ প্রথম আলোকে বলেন, ‘চারটি টেবিলের ১২টি ড্রয়ার ও দুটি আলমারি ভেঙে শুধু এক লাখ ১৮ হাজার টাকা নিয়ে গেছে। সিড়িসংলগ্ন লোহার দরজার তিনটি তালা ভেঙে চোর ভেতরে প্রবেশ করেছে। কার্যালয়ের বায়োমেট্রিক নিরাপত্তাব্যবস্থাও ভেঙে ফেলা হয়েছে।’ ঘটনাস্থল পরিদর্শনকারী চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি, দক্ষিণ) মোস্তাক আহমেদ প্রথম আলোকে বলেন, ‘কার্যালয়ের পেছন দিকে একটি কলাপসিবল গেট আছে। ওই দরজা দিয়েই চোর প্রবেশ করেছে। সেখানে ল্যাপটপ, চার্জার কার্ড, সিম কার্ড থাকলেও চোর টাকা ছাড়া কিছুই নেয়নি।’ এডিসি মোস্তাক আহমেদ জানান, ঘটনাস্থল থেকে আঙুলের ছাপ সংগ্রহ ও পরীক্ষার জন্য সিআইডির সহযোগিতা নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে, ভোরের দিকেই চুরির ঘটনা ঘটেছে। জড়িতদের গ্রেপ্তারে বিশেষ দল কাজ করছে।