চট্টগ্রামে ট্রাক থেকে অস্ত্র ও গুলি উদ্ধার দুজন গ্রেপ্তার
চট্টগ্রাম নগরের অক্সিজেন এলাকায় গতকাল মঙ্গলবার দুপুরে একটি ট্রাক থামিয়ে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে বায়েজিদ থানা পুলিশ। এ সময় ওই ট্রাক থেকে তিনটি আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। পুলিশ সূত্র জানায়, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন মো. হাসান (২৫) ও চপল কান্তি দে (২৭)। হাসান ট্রাকের মালিক ও চালক। তাঁর গ্রামের বাড়ি চন্দনাইশের কেশুয়ায়। চপল হলেন চালকের সহকারী। তাঁর গ্রামের বাড়ি বাঁশখালীর সাধনপুরে। এ ঘটনায় বায়েজিদ থানায় একটি মামলা হয়েছে। পুলিশ সূত্র জানায়, ট্রাক থেকে একটি বিদেশি একনলা বন্দুক, দুটি দেশি একনলা বন্দুক, ১৫টি কার্তুজ, একটি গুলির বেল্ট, একটি বেন্ডলিয়ার, একটি কিরিচ, তিনটি ছোরা, দুটি কাটার, চারটি বিদেশি টর্চলাইট এবং চারটি শাবল ও কোড়াবারি উদ্ধার করা হয়। এসব আগ্নেয়াস্ত্র ও সরঞ্জাম ডাকাতির জন্য নেওয়া হচ্ছিল। বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মহিউদ্দিন প্রথম আলোকে বলেন, ‘এ ট্রাকটি ডাকাতদের অস্ত্র-গোলাবারুদ ও সরঞ্জাম পরিবহনের জন্য ব্যবহার করা হয়। এমনকি ডাকাতির মালামাল এই ট্রাকে পরিবহন করা হয়। আমরা ট্রাকের মালিককে গ্রেপ্তার করেছি, যাঁর সঙ্গে ডাকাত দলের সদস্যদের যোগসাজশ আছে। ট্রাকটি এর আগে অসংখ্য ডাকাতির কাজে ব্যবহার হয়েছে বলে আমরা তথ্য পেয়েছি। আর ওই ডাকাতদের তথ্যাবলি আমরা সংগ্রহ করে তাদের গ্রেপ্তারের চেষ্টা করছি।’