চট্টগ্রামে ট্রাকচাপা ও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু
চট্টগ্রামে পৃথক ঘটনায় দুই ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল বিকেলে নগরের বড়পোলে রাস্তা পারাপারের সময় সেকান্দর আলী (৭০) নামে ব্যাংকের এক নিরাপত্তা প্রহরী নিহত হন। এর আগে বেলা তিনটার দিকে পাহাড়তলীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লুৎফর রহমান (৪৫) নামে এক শ্রমিক নিহত হন।জানা গেছে, সেকান্দর ঢাকা ব্যাংক বড়পোল শাখার নিরাপত্তা প্রহরী। তিনি উত্তর হালিশহর এলাকার বাসিন্দা। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ সূত্রে জানা গেছে, বিকেল পাঁচটার দিকে রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী ট্রাক তাঁকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। পরে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে নগরের পাহাড়তলী আনজুমান বোর্ডিং এলাকার একটি চারতলা ভবনে নির্মাণকাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন লুৎফর রহমান। তাঁকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। লুৎফরের নাম-ঠিকানা পাওয়া যায়নি।