চট্টগ্রামে ট্রাকচাপায় আ.লীগ নেতার মৃত্যু, সড়ক অবরোধ
চট্টগ্রাম নগরের ষোলশহর ২ নম্বর গেট এলাকায় সড়ক দুর্ঘটনায় আওয়ামী লীগের একজন নেতার মৃত্যু হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে গতকাল বুধবার রাত সাড়ে নয়টার দিকে লাঠিসোঁটা নিয়ে এলাকাবাসী সড়ক অবরোধ করেন। ফলে ষোলশহর থেকে বয়েজিদ বোস্তামী পর্যন্ত সড়কে গাড়ি চলাচল বন্ধ ছিল।নগর পুলিশের পাঁচলাইশ জোনের সহকারী কমিশনার আবদুল মান্নান প্রথম আলোকে বলেন, গতকাল বিকেলে বেবি সুপার মার্কেট এলাকায় গণেশ দে (৫১) সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন। তাৎক্ষণিক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। এর পরই এলাকাবাসী রাস্তায় নেমে আসেন। পরে রাত সাড়ে ১০টার দিকে পুলিশ গিয়ে জনতাকে সড়ক থেকে সরিয়ে দেয়।জানা গেছে, গণেশ দে স্থানীয় শুলকবহর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের চট্টগ্রাম মহানগর শাখার একজন নেতা। তাঁকে চাপা দেওয়া ট্রাকটি আটক না করে ছেড়ে দিয়েছে—এ অভিযোগ এনে এলাকাবাসী রাস্তায় নেমে বিক্ষোভ করেন। এলাকাবাসীর অভিযোগ, উত্তরা মোটরসের একটি গাড়ি গণেশকে চাপা দিলে তিনি মারা যান। কিন্তু পুলিশ বলছে, উত্তরা মোটরসের কর্মকর্তারা এসে দাবি করেছেন, তাঁদের কোনো গাড়ি এ ধরনের দুর্ঘটনার সঙ্গে জড়িত নয়। এর পরই পুলিশ ওই ট্রাকটি ছেড়ে দেয়।নগর ট্রাফিক পুলিশের উপকমিশনার (যানবাহন) ফারুক আহমদ বলেন, উত্তরা মোটরসের ট্রাক ঘটনার সঙ্গে জড়িত হলে এটি ধরা খুব কঠিন হবে না। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ইতিমধ্যে উত্তরা মোটরস থেকে দুটি চেসিস আটক করে থানায় নেওয়া হয়েছে। ট্রাক থেকে পড়ে গণেশ চেসিসের নিচে পড়েছেন বলে পুলিশ জেনেছে।