চট্টগ্রামে ট্রাকচাপায় কলেজছাত্র নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে ট্রাকের চাপায় এক কলেজছাত্র নিহত হয়েছেন। নগরের সিডিএ অ্যাভিনিউয়ের শুলকবহর এলাকায় আজ বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ছাত্রের নাম সত্যপ্রিয় (২৪)। তাঁর বাড়ি কক্সবাজারের মহেশখালী উপজেলার গোরকঘাটায়। তিনি চট্টগ্রাম সরকারি সিটি কলেজের অর্থনীতি বিভাগের ছাত্র ছিলেন। আগামী ১১ জুলাই থেকে তাঁর চতুর্থ বর্ষের চূড়ান্ত পরীক্ষা হওয়ার কথা ছিল।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ সকাল পৌনে নয়টার দিকে শুলকবহর এলাকায় রাস্তা পার হচ্ছিলেন সত্যপ্রিয়। এ সময় একটি ছোট ট্রাক তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। তিনি শুলকবহরের রওশন বোর্ডিং এলাকার মেস থেকে বের হয়ে চকবাজারে টিউশনিতে করতে যাচ্ছিলেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী আলী জাকের বলেন, সত্যপ্রিয় রাস্তা পার হওয়ার সময় উল্টো দিক (রং সাইড) থেকে আসা একটি ছোট ট্রাক তাঁকে ধাক্কা দেয়। তখন তিনি ট্রাকের নিচে পড়ে যান। এ সময় তাঁর মাথা থেঁতলে যায়।

পাঁচলাইশ থানার উপপরিদর্শক (এসআই) ওয়ালী উদ্দিন বলেন, ট্রাকের চাপায় ঘটনাস্থলেই সত্যপ্রিয়ের মৃত্যু হয়। পরে তাঁর লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নিয়ে যাওয়া হয়। তিনি জানান, ট্রাকের চালক পালিয়ে গেলেও তার সহকারী রাজীব দাশ (২০) ও ট্রাকটি আটক করা হয়েছে।

এ দিকে সহপাঠীর মৃত্যুতে ক্ষুব্ধ শিক্ষার্থীরা মর্গের পাশের প্রবর্তক মোড় এলাকায় বিক্ষোভ মিছিল করেন। তাঁরা প্রায় আধা ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন। এ সময় তাঁরা নিরাপদ সড়ক ও দুর্ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচারের দাবিতে স্লোগান দেন।
বেলা পৌনে ২টার দিকে ময়নাতদন্ত শেষে সত্যপ্রিয়র মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। পরে ফিরিঙ্গিবাজারের অভয় মিত্র ঘাটে তাঁর শেষকৃত্য অনুষ্ঠিত হয়।