চট্টগ্রামে ট্রাকচাপায় দুই ছাত্র নিহত, ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওয়াহিদুল হাসান,দেলোয়ার হোসেন
ওয়াহিদুল হাসান,দেলোয়ার হোসেন

চট্টগ্রাম নগরের প্রবেশমুখে সিটিগেট এলাকায় ট্রাকচাপায় দুই কলেজছাত্র নিহত হয়েছেন। গতকাল শনিবার সকাল সোয়া ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুজন উত্তর কাট্টলী মোস্তফা হাকিম ডিগ্রি কলেজের বিবিএ প্রথম বর্ষের ছাত্র ছিলেন। পুলিশ ট্রাকচালককে আটক করেছে।
দুর্ঘটনার পর কলেজের ক্ষুব্ধ শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা দুই ঘণ্টারও বেশি সময় ধরে সিটিগেট এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে রাখেন। এ সময় ওই ট্রাকটিসহ কয়েকটি যানবাহনও ভাঙচুর করা হয়।
নিহত দুই কলেজ ছাত্র হলেন ওয়াহিদুল হাসান ও দেলোয়ার হোসেন। দুজনের বাড়িই সীতাকুণ্ড উপজেলায়।
মোস্তফা হাকিম ডিগ্রি কলেজটি সিটিগেট মূল সড়ক থেকে ১৫০ গজ দূরে। চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলমের পরিবার কলেজটির প্রতিষ্ঠাতা। কলেজের পাশেই খাদ্যশস্য রাখার গুদাম রয়েছে। এটিও মনজুর আলমের।
প্রত্যক্ষদর্শীরা জানান, গমবোঝাই ট্রাকটি মূল সড়ক থেকে কলেজের রাস্তায় ঢুকে কিছুদূর যাওয়ার পরই ওয়াহিদ ও দেলোয়ারকে পেছন থেকে চাপা দেয়। দুর্ঘটনায় জিহাম নামের আরেক শিক্ষার্থী আহত হয়েছেন। স্থানীয় একটি ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন তিনি।
উত্তর কাট্টলী ওয়ার্ডের কাউন্সিলর নিছার উদ্দিন আহমেদ প্রথম আলোকে জানান, দুই ছাত্রের মৃত্যুর ঘটনায় উত্তেজিত ছাত্ররা গোডাউনটি বন্ধ করে দেওয়া, ট্রাকচালককে আটক ও নিহত দুই ছাত্রের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে রাখেন। পরে স্থানীয় এলাকাবাসীরাও তাঁদের সঙ্গে যোগ দেয়।
কাউন্সিলর জানান, কলেজসংলগ্ন রাস্তা দিয়ে ট্রাক চলাচল বন্ধ ও গুদামটি অন্য জায়গায় সরিয়ে নিতে ছাত্ররা দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, অবরোধের সময় মহাসড়কের দুই দিকে ঢাকা-চট্টগ্রামগামী শত শত গাড়ি আটকা পড়ে। দীর্ঘ যানজটের কারণে দুর্ভোগে পড়তে হয় যাত্রীদের। অবরোধে চলার সময় সাত-আটটি সিএনজিচালিত অটোরিকশা, ট্রাক ও বাস ভাঙচুর করা হয়। অবরোধ তুলে নেওয়ার জন্য পুলিশ, স্থানীয় কাউন্সিলর ও কলেজ কর্তৃপক্ষ দুপুর ১২টার দিকে ছাত্র ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে আলোচনায় বসেন। এরপর ছাত্রদের দাবি অনুযায়ী গুদামে তালা দেওয়া হয়। প্রশাসনের পক্ষে অন্য দাবিগুলো মানার আশ্বাস দিলে বেলা একটার দিকে অবরোধ তুলে নেওয়া হয়।
চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (পশ্চিম) আরেফিন জুয়েল বলেন, ‘কলেজটি যার, গোডাউনটিও তাঁর। ছাত্রদের দাবির মুখে গুদামে তালা মারা হয়েছে। তবে এটি সরিয়ে নেওয়া হবে কি না, সে বিষয়ে মালিক সিদ্ধান্ত নেবেন।’
এ বিষয়ে জানতে চাইলে গুদামের মালিক ও সাবেক মেয়র মনজুর আলম প্রথম আলোকে বলেন, ‘এটি একটি ব্যবসাপ্রতিষ্ঠান। তবে আমরাও চাই, সবাই নিরাপদে রাস্তায় চলাচল করুক। সবার সঙ্গে আলোচনা করে দেখছি, প্রয়োজন হলে গুদামটা অন্য কোথাও সরিয়ে নেব।’
আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সদীপ কুমার দাশ জানান, দুর্ঘটনার পর ট্রাক ফেলে চালক পালিয়ে যান। পরে দুপুরের দিকে সিটিগেট এলাকা থেকেই তাঁকে আটক করা হয়।
মোস্তফা হাকিম ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আলমগীর জানান, কলেজের পক্ষ থেকে নিহত দুই ছাত্রের পরিবারকে এক লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। দুর্ঘটনায় নিহতদের স্মরণে কলেজে তিন দিন শোক ঘোষণা করা হয়েছে।