চট্টগ্রামে ট্রাকচাপায় পুলিশ নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে ট্রাকচাপায় আর জি যোজন অখণ্ড (৪০) নামের এক ট্রাফিক কনস্টেবল নিহত হয়েছেন। গত বুধবার রাতে নগরের হালিশহর থানার নয়াবাজার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আর জি যোজন অখণ্ডের গ্রামের বাড়ি চট্টগ্রামের আনোয়ারায়।

হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণম চৌধুরী প্রথম আলোকে বলেন, হালিশহর সিএসডি গুদাম থেকে গমবোঝাই একটি ট্রাক নয়াবাজার মোড় ঘুরে হালিশহর বউ বাজারের দিকে যাচ্ছিল। এ সময় দায়িত্বরত ট্রাফিক পুলিশ আর জি যোজন অখণ্ড ট্রাকটিকে থামতে সংকেত দেন। কিন্তু ট্রাকটি পুলিশের ওই সদস্যকে চাপা দিয়ে চলে যায়। গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ওসি জানান, পরে ট্রাকচালক মো. রাসেল ও তাঁর সহকারী মো. মুছাকে গ্রেপ্তার করা হয়েছে। ইচ্ছা করে পুলিশ সদস্যকে ট্রাকচাপা দেওয়া হয়েছে, নাকি এটি দুর্ঘটনা—সে ব্যাপারে তদন্ত চলছে।