চট্টগ্রামে ট্রাফিক বাতি জ্বালিয়ে যান চলাচল নিয়ন্ত্রণের উদ্যোগ
ঢাকার মতো চট্টগ্রাম নগরের সড়ক মোড়গুলোতে ট্রাফিক বাতি জ্বালিয়ে যানবাহন চলাচল নিয়ন্ত্রণের উদ্যোগ নিয়েছে পুলিশের ট্রাফিক বিভাগ। নগরের গুরুত্বপূর্ণ বহদ্দারহাট মোড়ে গত মঙ্গলবার থেকে পরীক্ষামূলক প্রথম এই ব্যবস্থা চালু করা হয়েছে। দেড় মাসের মধ্যে নগরের ২২টি গুরুত্বপূর্ণ মোড়ে পর্যায়ক্রমে এই পদ্ধতি চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে।ট্রাফিক পুলিশের হিসাবে দেখা যায়, নগরের বহদ্দারহাট মোড়ে সবচেয়ে বেশি যানজট হয়। ব্যস্ত সময়ে প্রতি মিনিটে এই মোড় দিয়ে সর্বোচ্চ ৪০টি গাড়ি পার হয়। পাঁচ রাস্তার এই সড়ক মোড়ে ট্রাফিক আইন মেনে গাড়ি চলাচল না করার কারণে অনেক সময় কয়েক কিলোমিটার দীর্ঘ যানজট হয়। বিড়ম্বনা থেকে যানবাহন ও পথচারীদের বাঁচাতে ট্রাফিক পুলিশ এই প্রথম বহদ্দারহাট মোড়ের যান চলাচল নিয়ন্ত্রণের উদ্যোগ নিয়েছে।বহদ্দারহাট মোড়ের দুই দিনের অভিজ্ঞতা সম্পর্কে বলতে গিয়ে নগর পুলিশের উপকমিশনার (ট্রাফিক) ফারুক আহমেদ প্রথম আলোকে বলেন, এই দুই দিনে পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। বহদ্দারহাট মোড়ের অভিজ্ঞতা কাজে লাগিয়ে পর্যায়ক্রমে মুরাদপুর, ষোলশহর, জিইসি মোড়, ইস্পহানী মোড়, টাইগারপাস মোড়, চৌমুহনী, বাদামতলী মোড়সহ ২২টি গুরুত্বপূর্ণ সড়ক মোড়ে ট্রাফিক বাতি বসানো হবে। যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হবে ট্রাফিক সিগন্যালের মাধ্যমে।সংশ্লিষ্ট সূত্রমতে, নগরের যানবাহন চলাচলের রাস্তার মধ্যে ১৮৭টি সড়ক মোড় আছে। এর মধ্যে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) গুরুত্বপূর্ণ ২২টি মোড়ে ট্রাফিক বাতি স্থাপনের একটি প্রকল্প নেয় সাড়ে চার বছর আগে। কিন্তু বাতিগুলো স্থাপনের কাজ শেষ হতে না-হতেই অনেক মোড়ের বাতির নানা রকম ত্রুটিবিচ্যুতি ধরা পড়ে। একপর্যায়ে প্রকল্পের কাজ সিডিএকে বুঝিয়ে দেওয়ার আগেই ওই প্রকল্প পরিত্যক্ত ঘোষণা করা হয়। এ কারণে সড়কের মোড়ে বাতি স্থাপন করা হলেও সাড়ে চার বছর ধরে সেগুলো কার্যত অচল ছিল।