চট্টগ্রামে ট্রাফিক সার্জেন্টের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগর পুলিশের ট্রাফিক বিভাগের সার্জেন্ট মোহাম্মদ নূরুল আবসারের বিরুদ্ধে মামলা করেছেন মোহাম্মদ ইস্কান্দার নামের এক আইনজীবী। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ এস এম মজিবুর রহমানের আদালতে মামলাটি করা হয়।

আদালত অভিযোগের ব্যাপারে অনুসন্ধান করে প্রতিবেদন দাখিলের জন্য গোয়েন্দা পুলিশের উপকমিশনারকে নির্দেশ দেন।

মামলার আরজিতে বাদী অভিযোগ করেন, ২৩ জুলাই মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে আদালতে যাওয়ার পথে নন্দনকানন এলাকায় বোস ব্রাদার্সের সামনে পৌঁছালে সার্জেন্ট নূরুল আবসারের অধীন এক কনস্টেবল তাঁর মোটরসাইকেলের গতিরোধ করেন। এ সময় সার্জেন্ট নূরুল আবসার গাড়ির কাগজপত্র তল্লাশির সময় বিমার কাগজের ফটোকপি দেখতে পান। সার্জেন্ট মূল কপি চাইলে তিনি তা বাসায় আছে বলে জানান।

আরজিতে আরও বলা হয়, সার্জেন্ট এ সময় ওই কনস্টেবলের মাধ্যমে তাঁর কাছে তিন হাজার টাকা ঘুষ দাবি করেন। আইনজীবী নিজের পরিচয় দিলে ঘুষের অঙ্ক এক হাজার কমিয়ে দুই হাজার টাকা দাবি করা হয়। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁর বিরুদ্ধে মামলা করারও হুমকি দেওয়া হয়।