ময়মনসিংহ থেকে ছেড়ে আসা নাছিরাবাদ এক্সপ্রেসের সঙ্গে মাটিবোঝাই একটি ট্রাকের সংঘর্ষের ঘটনায় চট্টগ্রামের সঙ্গে সারা দেশের ট্রেন যোগাযোগ আট ঘণ্টা বন্ধ ছিল। ট্রাকটি লাইনের ওপর উঠে যাওয়ায় ট্রেনের সঙ্গে ধাক্কা লাগে। এতে ইঞ্জিন ও দুটি বগি লাইনচ্যুত হয়ে পাশের দুটি লাইনের ওপর আছড়ে পড়ে। গতকাল বৃহস্পতিবার ভোর সাড়ে চারটায় সীতাকুণ্ডের ফৌজদারহাট স্টেশনের অদূরে লেভেল ক্রসিংয়ের কাছে এ দুর্ঘটনা ঘটে। লেভেল ক্রসিংয়ের দায়িত্বে থাকা গেটম্যান কামরুল ইসলামের অনুপস্থিতির কারণে দুর্ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে জানা গেছে। দুর্ঘটনায় কোনো হতাহত হয়নি। তবে রেলের ইঞ্জিন ও বগি ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনা তদন্তে রেলওয়ে পূর্বাঞ্চলের ডিভিশনাল সিগন্যাল ও টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ার সুশীল কুমার হালদারকে প্রধান করে চার সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে তিন দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। দুর্ঘটনার পর ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী তূর্ণা নিশিথা ও সিলেট থেকে ছেড়ে আসা উদয়ন এক্সপ্রেস সীতাকুণ্ডে এসে থেমে যায়। চট্টগ্রামগামী মেইল ট্রেনটি থেমে যায় মিরসরাইয়ের চিনকি আস্তানায়। আর চাঁদপুর থেকে ছেড়ে আসা মেঘনা এক্সপ্রেস আটকা পড়ে ফেনীর ফাজিলপুরে।অন্যদিকে গতকাল ভোর সাড়ে চারটা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত কোনো ট্রেন চট্টগ্রাম স্টেশন ছেড়ে যায়নি। ঢাকামুখী সুবর্ণ এক্সপ্রেস, মহানগর প্রভাতীসহ অন্যান্য ট্রেন কয়েক ঘণ্টা দেরিতে চট্টগ্রাম স্টেশন ছেড়ে যায়। দুর্ঘটনা প্রসঙ্গে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মো. তাফাজ্জল হোসেন বলেন, ‘ওই সময় গেটম্যান না থাকায় এ দুর্ঘটনা ঘটেছে। সেখানে আমাদের দৈনিকভিত্তিক একজন গেটম্যান ছিল। এতে আমাদের লাইন ও ইঞ্জিনের ব্যাপক ক্ষতি হয়েছে।’যেভাবে দুর্ঘটনা: প্রত্যক্ষদর্শী ও রেলওয়ে সূত্রে জানা গেছে, গতকাল ভোর সোয়া চারটার দিকে মাটিবোঝাই একটি ট্রাক রেললাইন অতিক্রম করার চেষ্টা করছিল। এ সময় চট্টগ্রামমুখী নাছিরাবাদ এক্সপ্রেস ফৌজদারহাট স্টেশনের দিকে যাচ্ছিল। মাটিবোঝাই ট্রাকটি লেভেল ক্রসিংয়ের বাঁশের বাধা পার হয়ে রেললাইনের ওপর উঠে যায়। লাইনের ওপর উঠে ট্রাকটির স্টার্ট বন্ধ হয়ে যায় বলে দাবি করেছেন রেলওয়ের ডিটিও জাকির হোসেন। জাকির হোসেন বলেন, ‘ট্রাকটির স্টার্ট বন্ধ হয়ে যাওয়ার পর পর নাছিরাবাদ এক্সপ্রেস এসে ধাক্কা দেয়। এতে ট্রেনটির ইঞ্জিন এবং ১ ও ২ নম্বর বগি ছিটকে পড়ে; যার কারণে অপর দুটি লাইন বন্ধ হয়ে যায়।’প্রত্যক্ষদর্শী নজরুল ইসলাম বলেন, ‘সেহিরর পর বিকট শব্দে এলাকা কেঁপে ওঠে। এ সময় বের হয়ে দেখি, ট্রেন দুর্ঘটনা ঘটেছে। ধাক্কার পর ট্রাকটিকে নিয়ে লাইনের ওপর দিয়ে ১০০ গজ দূর পর্যন্ত চলে যায় ট্রেন। পরে বেলা সাড়ে ১১টার দিকে একটি রিলিফ ট্রেন এসে উদ্ধার অভিযান চালায়। ক্রস লাইনের ওপর পড়া বগিটি সরিয়ে ট্রেন চলাচল পুনঃস্থাপন করা হয়।’ প্রসঙ্গত, ফৌজদারহাট স্টেশনে ট্রেন থামার কোনো ব্যবস্থাসূচি নেই। প্ল্যাটফরমও নেই। সেখানে কেবল ট্রেন ক্রসিং করার ব্যবস্থা রয়েছে। একই স্থানে একটি লেভেল ক্রসিং রয়েছে, যার দুই দিকে দুটি বাঁশ দিয়ে বার দেওয়া হয়েছে। গেটম্যানকে ট্রেন আসা-যাওয়ার সময় হাতে এগুলো নামানো কিংবা তুলতে হয়।