চট্টগ্রামে ট্রেনস্টেশন ব্যবস্থাপক অবরুদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টিকিট বিক্রিতে অব্যবস্থাপনার অভিযোগে চট্টগ্রাম রেলস্টেশনের ব্যবস্থাপককে (ম্যানেজার) গতকাল শুক্রবার প্রায় দেড় ঘণ্টা অবরুদ্ধ করে রাখে যাত্রীরা। এ সময় যাত্রীদের আপত্তির মুখে প্রায় আধঘণ্টা ঢাকাগামী মহানগর গোধূলী ট্রেনের শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষের টিকিট বিক্রি বন্ধ ছিল। ঘটনা তদন্তে রেলের বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করে যাত্রীরা। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সকাল নয়টা থেকে কাউন্টারে বিভিন্ন গন্তব্যের টিকিট বিক্রি শুরু হয়। আগামী ২৬ মার্চের ঢাকাগামী মহানগর গোধূলী ট্রেনের শীতাতপ নিয়ন্ত্রিত আসনের টিকিট বিক্রি দ্রুত শেষ হয়ে গেলে লাইনে দাঁড়ানো যাত্রীরা ক্ষুব্ধ হয়ে ওঠে। এ সময় যাত্রীরা ওই কাউন্টার থেকে টিকিট বিক্রির তালিকা (কাউন্টার ফাইল) নিয়ে নেয়। পরে তারা গতকাল বেলা ১১টা পর্যন্ত স্টেশন ম্যানেজার শামসুল আলমকে নিজ কক্ষে অবরুদ্ধ করে রাখে। খবর পেয়ে র‌্যাব-৭ এর এএসপি নুরুল হুদার নেতৃত্বে একটি দল স্টেশনে যায়। পাশাপাশি জিআরপি থানার ওসি আবু তাহেরের নেতৃত্বে রেল পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে। পরে বেলা সাড়ে ১১টার দিকে র‌্যাব, স্টেশনে থাকা রেল কর্মকর্তা, রেল পুলিশ ও সাধারণ যাত্রীরা আলোচনায় বসে। টিকিট কিনতে আসা একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন প্রথম আলোকে বলেন, ‘ভোর ছয়টা থেকে লাইনে দাঁড়িয়েছিলাম। সকাল নয়টা থেকে বিক্রি শুরু হয়। কিছু যাত্রী টিকিট পায়। কিছুক্ষণ পর কাউন্টার থেকে জানানো হয়, টিকিট শেষ।’ র‌্যাব-৭ এর এএসপি নুরুল হুদা উপস্থিত সাংবাদিকদের জানান, যাত্রীদের অভিযোগ, কিছু টিকিট চুরি হয়ে গেছে। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে টিকিট না পাওয়ার পর ক্ষোভ প্রকাশ করাটা স্বাভাবিক। এ বিষয়টি রেল কর্তৃপক্ষ তদন্ত করবে। এ বিষয়ে স্টেশন ম্যানেজার শামসুল আলম প্রথম আলোকে জানান, গোধূলীর মাত্র ১১১টি শীতাতপ নিয়ন্ত্রিত আসন চট্টগ্রাম স্টেশন থেকে বিক্রি করা হয়। চাহিদার তুলনায় এ সংখ্যা খুব কম। তাই সবার চাহিদা অনুযায়ী টিকিট বিক্রি করা সম্ভব হয় না।কালোবাজারে টিকিট বিক্রির সঙ্গে রেল কর্মচারীদের জড়িত থাকার বিষয়ে শামসুল আলম জানান, টিকিটের দাম কম হওয়ায় অনেকে লাইনে দাঁড়িয়ে টিকিট কিনে কালোবাজারে বিক্রি করেন। রেলের কেউ জড়িত কি না, সে বিষয়ে নিশ্চিত কিছু বলতে পারছি না। যাত্রীদের অভিযোগ তদন্ত করে দেখা হবে।