চট্টগ্রামে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের কদমতলী রেলক্রসিংয়ে গতকাল সোমবার সকালে ট্রেনে কাটা পড়ে এক নারী নিহত হয়েছেন।
পরিবার, পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গতকাল মেঘনা এক্সপ্রেস ট্রেনে করে দুই মেয়ে ও এক ছেলেকে নিয়ে কুমিল্লার লাঙ্গলকোট থেকে চট্টগ্রামে আসেন শামসুন্নাহার (৪৫) নামের এক নারী। সকাল সোয়া ১০টার দিকে ট্রেনটি কদমতলী ক্রসিংয়ের কাছাকাছি এলে লোকোমাস্টার (চালক) গতি কমিয়ে দেন। এ সময় তাঁরা চলন্ত ট্রেন থেকে নেমে যান। ট্রেন থেকে নেমে তাঁর দুই মেয়ে রিপা আক্তার (১৯), রিনা আক্তার (১৪) ও ছেলে রিমন (৭) ক্রসিং পার হয়। কিন্তু ক্রসিং পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা আরেকটি ট্রেনে কাটা পড়ে মারা যান শামসুন্নাহার।
রেলওয়ে পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) সালাহ উদ্দিন প্রথম আলোকে বলেন, নিহত শামসুন্নাহার (৪৫) নগরের দেওয়ানহাটের সুপারিওয়ালাপাড়ায় তিন সন্তান নিয়ে থাকতেন। তিনি বিভিন্ন বাসাবাড়িতে কাজ করে সংসার চালাতেন। শামসুন্নাহারের স্বামী অপ্রকৃতিস্থ হয়ে উধাও হয়ে গেছেন।