চট্টগ্রামে ট্রেনে কাটা পড়ে নিহত ২
চট্টগ্রাম নগরে সাড়ে চার ঘণ্টার ব্যবধানে ট্রেনে কাটা পড়ে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে দুপুর সাড়ে ১২টার মধ্যে নগরের কদমতলী ও কালুরঘাট এলাকায় পৃথক এ দুর্ঘটনা ঘটে। নিহত দুজনের মধ্যে একজনের পরিচয় জানা যায়নি। তাঁর বয়স আনুমানিক ৫০ বছর। অন্যজনের নাম মো. সুমন (২৫)। তিনি রিকশাচালক।
চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শহীদুল ইসলাম প্রথম আলোকে বলেন, শুক্রবার সকাল আটটার দিকে কদমতলী এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক পথচারীর মৃত্যু হয়। চট্টগ্রাম মেইল ট্রেনের (ঢাকা থেকে ছেড়ে আসা) নিচে তিনি কাটা পড়েন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। তাঁর পরনে ছিল লুঙ্গি ও শার্ট। পকেটে কোনো মুঠোফোন ছিল না। সন্ধ্যা পর্যন্ত তাঁর কোনো স্বজন লাশ নিতে মর্গে আসেননি। পুলিশের সঙ্গেও কেউ যোগাযোগ করেনি।
এদিকে গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে নগরের চান্দগাঁও থানার কালুরঘাট খেজুরতলা এলাকায় চট্টগ্রাম থেকে দোহাজারীগামী একটি ট্রেনের নিচে কাটা পড়ে মো. সুমন (২৫) নামের এক যুবক। খবর পেয়ে পুলিশ গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক বিকেলে তাঁকে মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শীরা বলেন, সুমন রেললাইন ধরে হাঁটছিলেন। ট্রেন আসতে দেখে আশপাশের লোকজন তাঁকে সরে যেতে বলে। কিন্তু তিনি শোনেননি।
পরিবার জানায়, সুমন কানে কম শুনতেন। তাঁর স্ত্রী ইয়ানুর বেগম গতকাল রাতে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, তাঁর স্বামী রিকশা চালাতেন। কখনো দিনমজুরের কাজও করতেন। গতকাল সকালে চান্দগাঁও ইস্পাহানি জেটি রোড এলাকায় তাঁদের ভাড়া বাসা থেকে বের হন সুমন। দুপুরে শোনেন ট্রেনে কাটা পড়েছেন তাঁর স্বামী। কীভাবে ট্রেনে কাটা পড়লেন তা বুঝতে পারছেন না তিনি। তাঁর স্বামীর গ্রামের বাড়ি ভোলার দৌলতখান এলাকায়। তাঁদের চার বছরের একটি ছেলে রয়েছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গের কর্মী কদম আলী বলেন, ট্রেনে কাটা পড়ে নিহত অজ্ঞাতপরিচয় ব্যক্তির লাশের ময়নাতদন্ত শনিবার করা হবে।