চট্টগ্রামে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদের অগ্রিম টিকিট বিক্রির প্রথম দিনে গতকাল বুধবার চট্টগ্রাম রেলস্টেশনে টিকিটপ্রত্যাশীদের তেমন ভিড় দেখা যায়নি। গতকাল ঢাকা, সিলেটসহ বিভিন্ন গন্তব্যের আটটি আন্তনগর ট্রেনের প্রায় ৯০ শতাংশ টিকিট বিক্রি হয়েছে। গতকাল বিক্রি হয়েছে ১১ অক্টোবরের টিকিট।
রেলকর্মীরা জানান, কাল শুক্রবার থেকে স্টেশনে ভিড় বাড়বে। কারণ, কাল বিক্রি হবে ১৩ অক্টোবরের যাত্রার টিকিট। কার্যত ওই দিনই কর্মজীবী মানুষ পরিবার-পরিজন নিয়ে গ্রামমুখী হবেন। গতকাল চট্টগ্রাম স্টেশনে গিয়ে কাউন্টারের সামনে যাত্রীদের চিরচেনা সেই দীর্ঘ সারি দেখা যায়নি। অনায়াসেই অনেকে টিকিট পেয়ে গেছেন।
১১ অক্টোবর ঢাকাগামী সুবর্ণ এক্সপ্রেসের টিকিট কিনতে গতকাল চট্টগ্রাম স্টেশনে আসেন বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী ইফতেখার হোসেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘আমার দুটি টিকিটের প্রয়োজন ছিল। সহজেই তা পেয়ে গেছি।’ একই দিনের ফেনী পর্যন্ত আন্তনগর গোধূলীর টিকিট পাননি হোসেন আহমদ। এর পরিবর্তে তিনি কুমিল্লা পর্যন্ত গন্তব্যের ভাড়া দিয়ে তিনটি টিকিট কেনেন। তিনি বলেন, ‘আমি সকালে এসে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম। কাউন্টার থেকে বলা হয়, ফেনীর টিকিট বিক্রি শেষ হয়ে গেছে। পরে বাধ্য হয়ে আমি কুমিল্লার টিকিট কিনেছি।’
রেলওয়ে সূত্র জানায়, চট্টগ্রাম স্টেশন থেকে ঢাকা ও সিলেটের পথে আটটি আন্তনগর ট্রেন চলাচল করে। এই আটটি ট্রেনের আসনসংখ্যা পাঁচ হাজার ৬০০। ঢাকা-চট্টগ্রামের মধ্যবর্তী ফেনী, লাকসাম, কুমিল্লা, আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া, ভৈরব ও নরসিংদীর টিকিটের চাহিদা বেশি। রেলওয়ে পূর্বাঞ্চলের চট্টগ্রাম বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা রোকনুজ্জামান বলেন, ‘ঈদের আগাম টিকিট বিক্রির প্রথম দিনে যাত্রীদের ভিড় কম ছিল। চাহিদামতো সব যাত্রী কাউন্টার থেকে টিকিট পেয়েছেন। অনেক টিকিট অবিক্রীত রয়ে গেছে। তবে শুক্রবার থেকে স্টেশনে উপচে পড়া ভিড় শুরু হবে বলে আমাদের ধারণা।’