চট্টগ্রামে ঠান্ডার সঙ্গে বাড়ছে নিউমোনিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শীত শুরুর সঙ্গে সঙ্গে চট্টগ্রামে শিশুদের নিউমোনিয়া, ব্রঙ্কিউলাইটিস ও ঠান্ডাজনিত বিভিন্ন রোগের প্রকোপ দেখা দিয়েছে। নগরের প্রধান দুটি হাসপাতালে চিকিৎসারত শিশুদের ৭০ শতাংশই নিউমোনিয়ায় আক্রান্ত। এ ছাড়া ক্লিনিক ও চিকিৎসকদের চেম্বারে প্রতিদিন নিউমোনিয়ায় আক্রান্ত শিশুদের ভিড় বাড়ছে। ফলে হাসপাতালে জায়গা হচ্ছে না। তাই একই বিছানায় একাধিক শিশুর চিকিৎসা দেওয়া হচ্ছে।সরেজমিন দেখা গেছে, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের শিশু স্বাস্থ্য ওয়ার্ডে শতাধিক শিশু চিকিৎসা নিচ্ছিল। গতকাল শনিবার নতুন করে ছয়জন নিউমোনিয়া আক্রান্ত শিশু ভর্তি হয়েছে। সব মিলিয়ে অন্তত ৭৫টি নিউমোনিয়ায় আক্রান্ত। ওয়ার্ডে শয্যা ৬৫টি। তাই অতিরিক্ত শয্যা এনে কিংবা একই বিছানায় দুজনকে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। ১৩ নভেম্বর একই হাসপাতালের শিশু স্বাস্থ্য ওয়ার্ডে ১৬৯ জন রোগী ছিল। এদের মধ্যে প্রায় ১০০ শিশু নিউমোনিয়া ও ঠান্ডাজনিত রোগে আক্রান্ত। এর আগে ৯ নভেম্বর এখানে একদিনে ৭৫ জন নিউমোনিয়ার রোগী ছিল। অন্যদিকে চট্টগ্রাম মা ও শিশু জেনারেল হাসপাতালে ভর্তি ১৫০ রোগীর ৬০ শতাংশই নিউমোনিয়ায় আক্রান্ত। এ হাসপাতালে শিশুস্বাস্থ্য ওয়ার্ডের ২০০ শয্যার ৫০ শয্যায় থাকে নবজাতক শিশুরা।মা ও শিশু হাসপাতালের শিশুস্বাস্থ্য ওয়ার্ডের অধ্যাপক নুরুল ইসলাম খান প্রথম আলোকে বলেন, ‘ঠান্ডা শুরুর পর নিউমোনিয়ার প্রকোপ বেড়েছে। হাসপাতালের অন্তত ৬০ শতাংশ শিশুই নিউমোনিয়ায় আক্রান্ত। এক সপ্তাহ ধরে এ ধরনের রোগী আসছে।’ তিনি বলেন, শিশুদের ঠান্ডা লাগানো যাবে না। নিউমোনিয়া হলে শিশুদের তরল খাবার দিতে হবে।প্রায় এক সপ্তাহ ধরে চট্টগ্রামে শীত অনুভূত হচ্ছে। দিনের তাপমাত্রা হ্রাস পেয়ে আস্তে আস্তে ঠান্ডা পড়তে শুরু করেছে। চিকিৎসকেরা জানান, রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকায় ও অপুষ্টির কারণে নবজাতক থেকে দুই বছরের শিশুরা এসব রোগে বেশি আক্রান্ত হচ্ছে। জ্বরের সঙ্গে শ্বাসকষ্ট, কাশি, বুক ওঠানামা ইত্যাদি নিউমোনিয়ার লক্ষণ।চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের শিশু স্বাস্থ্য ওয়ার্ডের সহযোগী অধ্যাপক ও শিশু চিকিৎসক সমিতি চট্টগ্রাম চ্যাপ্টারের সাধারণ সম্পাদক প্রণব কুমার চৌধুরী বলেন, ‘নিউমোনিয়া ঋতু বদলের সময় বেশি হয়। তবে সারা বছর এ রোগে আমাদের দেশে ৫০ হাজার শিশু মারা যায়। আমাদের হাসপাতালে এখন মোট রোগীর অর্ধেকের বেশি রোগী নিউমোনিয়ায় আক্রান্ত।’চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক বাসনা মুহুরী জানান, ঠান্ডা শুরুর কারণে হাসপাতালের পাশাপাশি চিকিৎসকদের চেম্বারেও নিউমোনিয়া আক্রান্ত শিশু বেড়েছে। তিনি অভিভাবকদের সাবধানতা অবলম্বনের পরামর্শ দেন। গতকাল চট্টগ্রামে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২ ডিগ্রি সেলসিয়াস ও সর্বোচ্চ ২৯.৪ ডিগ্রি সেলসিয়াস।