চট্টগ্রামে ঠিকাদার হত্যার ঘটনায় তিনটি মামলা
চট্টগ্রাম নগরের উত্তর আগ্রাবাদের রামপুর বসুন্ধরা আবাসিক এলাকায় ঠিকাদার আবদুল মোনাফ (৩২) হত্যাকাণ্ডের ঘটনায় তিনটি মামলা হয়েছে। এর মধ্যে দুটি অস্ত্র মামলা। হত্যাকাণ্ডের পর পর আটক ছয়জনকে এসব মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।এ তিন মামলায় গতকাল সোমবার আসামিদের আদালতে হাজির করা হয়। পুলিশ তাঁদের অস্ত্র মামলায় ১০ দিন ও হত্যা মামলায় সাত দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন জানায় আদালতে। হালিশহর থানার কর্তব্যরত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) অংশ কুমার দেব বলেন, গ্রেপ্তার করা আসামিদের রিমান্ডের আবেদন জানানো হয়েছে। শুনানির পর রিমান্ড মঞ্জুর করা হবে।আবদুল মোনাফ হত্যার ব্যাপারে গত রোববার রাতে তাঁর বোন জাহানারা বেগম বাদী হয়ে হালিশহর থানায় মামলা করেন। এ মামলায় গ্রেপ্তার করা ছয়জনসহ ১০ জনকে এজাহারভুক্ত এবং অজ্ঞাত আরও চার-পাঁচজনকে আসামি করা হয়। একই থানায় করা অপর অস্ত্র মামলায় পাঁচজনকে আসামি করা হয়েছে। এঁরা হলেন জসিম উদ্দিন ওরফে ফারুক, মো. বাপ্পি, শুক্কুর, দস্তগীর ও ইমাম আলী। এঁদের রোববারই আটক করা হয়।একই ঘটনায় পাহাড়তলী থানায় অস্ত্র আইনে আরেকটি মামলার একমাত্র আসামি হত্যাকাণ্ডের পর পাহাড়তলী থানাধীন সরাইপাড়া থেকে গ্রেপ্তার হওয়া বাবলু (১৯)। তাঁর কাছ থেকে একটি একনলা বন্দুক উদ্ধার করা হয়।